ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। প্রয়োজন হলে দেশটির বিরুদ্ধে আবারও সামরিক অভিযান চালাতে ইসরায়েল প্রস্তুত।
ইসরায়েলের টেলিভিশন চ্যানেল–১৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু এ মন্তব্য করেন। তিনি দাবি করেন, ইসরায়েল তার পদক্ষেপের মাধ্যমে দেশকে ‘পারমাণবিক বোমার বড় হুমকি’ থেকে রক্ষা করতে সক্ষম হয়েছে। নেতানিয়াহু বলেন, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। ইরানের পারমাণবিক কর্মসূচিকে হুমকি হিসেবে বিবেচনা করে এ বিষয়ে কোনো ধরনের আপস করবে না তেল আবিব।
এদিকে গত ১৮ জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা কার্যকর হয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া ওই সমঝোতায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইলেকট্রনিকভাবে স্বাক্ষর করেন।
চুক্তির লক্ষ্য হলো কয়েক মাসের সংঘাতের অবসান ঘটিয়ে আলোচনার মাধ্যমে দুই দেশের বিরোধ নিষ্পত্তি করা। এতে শত্রুতা কমানো, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালীর নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা–সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
তবে শুরু থেকেই এই সমঝোতার বিরোধিতা করে আসছে ইসরায়েল। দেশটির সরকার বারবার বলেছে, ইরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি নিষ্ক্রিয় করতে প্রয়োজন হলে তারা এককভাবেও সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত।
সূত্র: আনাদোলু এজেন্সি
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!