পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে একটি কোচিং সেন্টারের ছাদ ধসে অন্তত ১৪ শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও কয়েকজন। মঙ্গলবার লাহোরের খানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, দুর্ঘটনার সময় কোচিং সেন্টারটিতে ৩০ জনের বেশি শিক্ষার্থী ক্লাস করছিল। হঠাৎ ছাদ ধসে পড়লে সবাই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে।
পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী খাজা ইমরান নাজির জানান, আহতদের উদ্ধার করে খানা তহসিল হেডকোয়ার্টার (টিএইচকিউ) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা ১৪ জনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, একতলা ভবনটির ওপর দ্বিতীয় তলা নির্মাণের কাজ চলছিল। নির্মাণকাজ চলাকালেই ছাদ ধসে পড়ে। ঘটনার পর ভবনের মালিকসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ। তাঁরা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
পাকিস্তানে নিম্নমানের নির্মাণসামগ্রী ও নির্মাণবিধি লঙ্ঘনের কারণে ভবন ধসের ঘটনা প্রায়ই ঘটে। গত বছরের জুলাইয়ে সিন্ধ প্রদেশের করাচির লিয়ারি এলাকায় পাঁচতলা একটি ভবন ধসে ২৭ জন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছিলেন।
সূত্র: জিও নিউজ
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!