আন্তর্জাতিক

চীনের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার কিম জং উনের

আপডেট: জুলা ০১, ২০২৬ : ০৬:০১ এএম
চীনের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার কিম জং উনের

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি সম্প্রতি শি জিনপিং–এর সঙ্গে অনুষ্ঠিত শীর্ষ বৈঠককে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে উল্লেখ করেছেন।

বুধবার চীনা কমিউনিস্ট পার্টির ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শি জিনপিংকে পাঠানো অভিনন্দনবার্তায় কিম বলেন, বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক ধারাবাহিকভাবে উন্নত করা পিয়ংইয়ংয়ের অটল নীতি। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএর বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

বার্তায় কিম বলেন, দীর্ঘদিনের ঐতিহাসিক বন্ধন ও সমাজতান্ত্রিক আদর্শের ভিত্তিতে উত্তর কোরিয়া-চীন সম্পর্ককে আরও বিকশিত করতে তাদের সরকার ও ক্ষমতাসীন দলের দৃঢ় অঙ্গীকার রয়েছে। সাম্প্রতিক পিয়ংইয়ং শীর্ষ বৈঠক দুই দেশের পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরও গভীর করার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলেও উল্লেখ করেন তিনি।

দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, গত ৮ ও ৯ জুন উত্তর কোরিয়া সফর করেন শি জিনপিং। কিম জং উনের ক্ষমতায় আসার পর সেটিই ছিল তার প্রথম পিয়ংইয়ং সফর।

কিম তার বার্তায় আরও বলেন, উত্তর কোরিয়া ও চীনের সম্পর্ক দুই দেশের জনগণের যৌথ সম্পদ। রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, সাম্প্রতিক শীর্ষ বৈঠকে ভবিষ্যৎ সহযোগিতা আরও বিস্তৃত করতে একটি দীর্ঘমেয়াদি রূপরেখায় একমত হয়েছেন দুই নেতা।

অন্যদিকে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সফরের সময় শি জিনপিং দুই দেশের কূটনৈতিক, প্রশাসনিক ও সামরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

সাম্প্রতিক বছরগুলোতে উত্তর কোরিয়া রাশিয়ার সঙ্গে সম্পর্ক উল্লেখযোগ্যভাবে ঘনিষ্ঠ করেছে। দুই দেশ একটি কৌশলগত প্রতিরক্ষা চুক্তিও করেছে। এর অংশ হিসেবে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে উত্তর কোরিয়ার সেনা মোতায়েনের খবরও প্রকাশিত হয়েছে। তবে এসবের মধ্যেও উত্তর কোরিয়ার সবচেয়ে বড় অর্থনৈতিক অংশীদার হিসেবে চীনের অবস্থান অটুট রয়েছে।

দক্ষিণ কোরিয়ার অর্থনীতি ও অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে উত্তর কোরিয়ার মোট বৈদেশিক বাণিজ্যের প্রায় ৯৮ শতাংশই চীনের সঙ্গে হয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!