আন্তর্জাতিক

চীনের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার কিম জং উনের

আপডেট: জুলা ০২, ২০২৬ : ০৪:৪৭ এএম
চীনের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার কিম জং উনের

চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তিনি বলেছেন, সম্প্রতি পিয়ংইয়ংয়ে চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে অনুষ্ঠিত শীর্ষ বৈঠক দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি ‘ঐতিহাসিক মুহূর্ত’।

চীনের কমিউনিস্ট পার্টির ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সি চিনপিংকে পাঠানো অভিনন্দন বার্তায় কিম এ মন্তব্য করেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) বুধবার এ তথ্য জানিয়েছে।

কিম জং উন বলেন, দীর্ঘ ইতিহাস ও সমাজতান্ত্রিক আদর্শের ভিত্তিতে গড়ে ওঠা উত্তর কোরিয়া-চীন সম্পর্ককে ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়াই তাদের দল ও সরকারের ‘অটল অবস্থান’।

তিনি বলেন, সম্প্রতি পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত শীর্ষ বৈঠক দুই দেশের মধ্যে পারস্পরিক বিশ্বাস ও বন্ধুত্ব আরও গভীর করার একটি ঐতিহাসিক উপলক্ষ ছিল। একই সঙ্গে দুই নেতা ঐতিহ্যবাহী দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন।

কিম আরও বলেন, উত্তর কোরিয়া ও চীনের বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদারে তিনি সি চিনপিংয়ের সঙ্গে কাজ করতে প্রস্তুত। তিনি এ সম্পর্ককে দুই দেশের জনগণের ‘যৌথ সম্পদ’ হিসেবে উল্লেখ করেন।

কয়েক সপ্তাহ আগে বিরল এক সফরে পিয়ংইয়ং যান সি চিনপিং। সে সময় দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে একটি ‘সুদূরপ্রসারী রূপরেখা’ গ্রহণ করেন বলে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বৈঠকে কূটনৈতিক, আইন প্রয়োগকারী সংস্থা এবং সামরিক সহযোগিতা আরও সম্প্রসারণের ওপরও গুরুত্ব দেওয়া হয়।

সাম্প্রতিক সময়ে রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার সামরিক সম্পর্ক ঘনিষ্ঠ হলেও দেশটির সবচেয়ে বড় অর্থনৈতিক অংশীদার হিসেবে চীনের অবস্থান অপরিবর্তিত রয়েছে। দক্ষিণ কোরিয়ার অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে উত্তর কোরিয়ার মোট বৈদেশিক বাণিজ্যের প্রায় ৯৮ শতাংশই ছিল চীনের সঙ্গে।

সূত্র: এএফপি

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!