আন্তর্জাতিক

ইউরোপের তাপপ্রবাহে তিন দেশে ৩ হাজার ৭০০ জনের মৃত্যু

আপডেট: জুলা ০৪, ২০২৬ : ০৫:২৪ এএম
ইউরোপের তাপপ্রবাহে তিন দেশে ৩ হাজার ৭০০ জনের মৃত্যু

জুনের শেষ দিকে ইউরোপজুড়ে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহে ফ্রান্স, বেলজিয়াম ও নেদারল্যান্ডসে অন্তত ৩ হাজার ৭০০ জনের অতিরিক্ত মৃত্যু হয়েছে। দেশ তিনটির সরকারি তথ্যের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গত ২০ থেকে ২৮ জুন পর্যন্ত আট দিনব্যাপী চলা তাপপ্রবাহকে ইউরোপের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ভয়াবহ বলে উল্লেখ করেছেন জলবায়ু বিশেষজ্ঞরা। তাদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবেই এ ধরনের চরম তাপপ্রবাহের ঘটনা আরও ঘন ঘন ঘটছে।

বিশেষজ্ঞরা বলছেন, অস্বাভাবিক গরমে বিদ্যুতের চাহিদা ব্যাপক বেড়ে যায়। একই সঙ্গে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়, অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয় এবং স্বাস্থ্যসেবার ওপর বাড়তি চাপ সৃষ্টি হয়।

সরকারি তথ্য অনুযায়ী, অতিরিক্ত মৃত্যুর সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে ফ্রান্সে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী স্টেফানি রিস্ট জানিয়েছেন, আট দিনের তাপপ্রবাহে ফ্রান্সে অতিরিক্ত ২ হাজার ২৫ জনের মৃত্যু হয়েছে। তাঁর ভাষ্য, এবারের তাপপ্রবাহে বিশেষ করে ৪৫ বছরের বেশি বয়সী মানুষের মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

তিনি বলেন, সরকারের হাতে থাকা পরিসংখ্যানই চূড়ান্ত নয়; প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও বেশি হতে পারে।

বেলজিয়ামের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৮ থেকে ২৯ জুন পর্যন্ত ১১ দিনে দেশটিতে অতিরিক্ত ১ হাজার ২০০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৫৩০ জনের বয়স ছিল ৮৫ বছরের বেশি, ১৮০ জনের বয়স ৬৫ বছরের কম এবং বাকিরা ৬৫ বছরের ঊর্ধ্বে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গ্রীষ্মকালে এত বেশি অতিরিক্ত মৃত্যুর ঘটনা এর আগে কখনো দেখা যায়নি।

অন্যদিকে নেদারল্যান্ডসের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, একই তাপপ্রবাহে দেশটিতে অতিরিক্ত ৪৮০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের বেশির ভাগের বয়স ৮০ বছরের বেশি।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, অতিরিক্ত মৃত্যুর অধিকাংশই এমন ব্যক্তিদের, যারা আগে থেকেই বিভিন্ন শারীরিক জটিলতা বা দীর্ঘমেয়াদি রোগে ভুগছিলেন। বিশেষজ্ঞদের ধারণা, তীব্র তাপপ্রবাহ না হলে তাঁদের অনেকেই আরও কিছুদিন বেঁচে থাকতে পারতেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!