আন্তর্জাতিক

শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখা হচ্ছে: ভারত

আপডেট: জুলা ১৮, ২০২৬ : ০৬:২৯ এএম
শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখা হচ্ছে: ভারত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর অনুরোধ পেয়েছে ভারত। বিষয়টি বর্তমানে আইনি ও বিচারিক প্রক্রিয়ার আওতায় পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ পাওয়া গেছে। অনুরোধটি সংশ্লিষ্ট আইন ও বিচারিক প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে।

একই ব্রিফিংয়ে বাংলাদেশের আরেক ব্যক্তির প্রত্যর্পণসংক্রান্ত একটি প্রশ্নও ওঠে। এ বিষয়ে জয়সওয়াল বলেন, নির্দিষ্ট ওই অনুরোধ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু বলতে পারছেন না। তবে যেকোনো প্রত্যর্পণের অনুরোধই আইনসম্মত ও বিচারিক প্রক্রিয়া অনুসরণ করেই বিবেচনা করা হবে।

এর আগে শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে ভারতের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি বলেও জানিয়েছিলেন রণধীর জয়সওয়াল। তাঁর ভাষ্য, প্রত্যর্পণ একটি আইনি বিষয় এবং এ ধরনের প্রতিটি অনুরোধ আইন অনুযায়ী নিষ্পত্তি করা হয়।

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে যান। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন।

সম্প্রতি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা দেশে ফিরে আত্মসমর্পণের ইচ্ছার কথা জানান। তাঁর বিরুদ্ধে বাংলাদেশে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!