যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত আরও বিস্তৃত হবে, নাকি আবারও কূটনৈতিক আলোচনায় ফিরবে ইরান—সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। এমন মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি।
রোববার প্রকাশিত এক সাক্ষাৎকারে ইরানি সংবাদমাধ্যম তেহরান টাইমস–কে আরাগচি বলেন, বর্তমানে ইরানের সামরিক বাহিনীর যেসব হামলা চলছে, সেগুলো যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের প্রতিক্রিয়া। তবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করা হবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
আরাগচি জানান, শনিবার রাতে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল দীর্ঘ বৈঠক করে বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করেছে। বৈঠকে ইসলামাবাদ সমঝোতা স্মারক (এমওইউ) স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘ইরান এখনো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেনি। ভবিষ্যতে যুদ্ধ কিংবা যুদ্ধবিরতির পথে যাওয়া হবে কি না, সে বিষয়ে একমাত্র সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সর্বোচ্চ নেতার। তিনি এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেননি।’
চলতি বছরের ১৭ জুন পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইসলামাবাদ সমঝোতা স্মারক সই হয়। ওই সমঝোতায় হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধের বিনিময়ে ইরানের তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা শিথিল এবং বন্দর অবরোধ তুলে নেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত ছিল।
তবে গত ৫ জুলাই হরমুজ প্রণালিতে দুটি আমিরাতি তেলবাহী জাহাজে ড্রোন হামলার পর সমঝোতা কার্যত ভেঙে পড়ে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, হামলাটি চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এর জবাবে ৭ জুলাই থেকে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা শুরু করে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
এরপর ১৩ জুলাই ইরানের বন্দরগুলোর ওপর নতুন করে অবরোধ আরোপের নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরপরই ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজিম ঘরিবাবাদি ইসলামাবাদ সমঝোতা থেকে সরে আসার পক্ষে অবস্থান জানান। সর্বশেষ সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সমঝোতাটি স্থগিত রাখার আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়।
সাক্ষাৎকারে আরাগচি আরও জানান, এ বিষয়ে এখনো সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির সঙ্গে তাঁর সরাসরি কোনো সাক্ষাৎ হয়নি। তাঁর ভাষায়, ‘খুব সীমিতসংখ্যক ব্যক্তিই সর্বোচ্চ নেতার সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগ পান।’
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!