আন্তর্জাতিক

ভারতে হড়কা বান ও ভূমিধসে নিহত অন্তত ১৯

আপডেট: জুলা ২০, ২০২৬ : ০৬:১৩ এএম
ভারতে হড়কা বান ও ভূমিধসে নিহত অন্তত ১৯

ভারতের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে টানা বর্ষণের ফলে সৃষ্ট হড়কা বান ও ভূমিধসে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। দুর্গত এলাকায় উদ্ধার অভিযান চালাচ্ছে দেশটির সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন। রোববার সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে উত্তর-পূর্বাঞ্চলীয় নাগাল্যান্ড ও ভারত-শাসিত জম্মু ও কাশ্মিরে। নাগাল্যান্ডের মোন জেলায় ভূমিধসে আটজন এবং জম্মু অঞ্চলে আকস্মিক বন্যায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে।

মোন জেলার জেলা ম্যাজিস্ট্রেট ওয়েনইয়ি কোনিয়াক জানান, নিহতদের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে অভিযান চলছে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ রাজৌরি জেলার হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, আকস্মিক বন্যায় সরকারি-বেসরকারি স্থাপনার ব্যাপক ক্ষতি হয়েছে। বাসস্ট্যান্ডসহ বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, জম্মু অঞ্চলে আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, রাজৌরি জেলায় পাঁচ শিশুসহ অন্তত ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

এদিকে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) আগামী দুই দিনে জম্মু ও কাশ্মিরে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। বৈরী আবহাওয়ার কারণে কাশ্মিরের বার্ষিক অমরনাথ তীর্থযাত্রাও সাময়িকভাবে স্থগিত করেছে কর্তৃপক্ষ।

সূত্র: এএফপি।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!