আন্তর্জাতিক

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের

আপডেট: জুলা ২১, ২০২৬ : ০৬:১১ এএম
কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের

কানাডা থেকে আমদানি করা বেশ কিছু পণ্যের ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রশাসনের দাবি, কানাডার বাজারে যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্য বৈষম্যের শিকার হওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ট্যারিফ অ্যাক্ট, ১৯৩০–এর ৩৩৮ নম্বর ধারার আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই আইনে কোনো দেশের বাজারে মার্কিন পণ্যের বিরুদ্ধে বৈষম্য করা হলে সংশ্লিষ্ট দেশের পণ্যের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত শাস্তিমূলক শুল্ক আরোপের ক্ষমতা প্রেসিডেন্টকে দেওয়া হয়েছে।

প্রশাসনের তথ্য অনুযায়ী, আগামী ৩০ দিনের মধ্যে নতুন শুল্ক কার্যকর হবে।

প্রেসিডেন্টের বাণিজ্যবিষয়ক দূত জেমিসন গ্রিয়ারের দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, নতুন শুল্কের আওতায় বছরে প্রায় ২ হাজার কোটি মার্কিন ডলার মূল্যের কানাডীয় পণ্য পড়বে। এসব পণ্যের মধ্যে রয়েছে দুগ্ধজাত পণ্য, আসবাব, মাছ ধরার সরঞ্জাম, কৃষি বীজ, কাপড় ও পরচুলাসহ বিভিন্ন ভোগ্যপণ্য।

যুক্তরাষ্ট্র ও কানাডা বিশ্বের অন্যতম বৃহৎ দ্বিপক্ষীয় বাণিজ্যিক অংশীদার। মার্কিন সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কানাডা থেকে প্রায় ৩৮২ বিলিয়ন (৩৮ হাজার ২০০ কোটি) মার্কিন ডলার মূল্যের পণ্য আমদানি করেছে যুক্তরাষ্ট্র।

নতুন শুল্ক আরোপের সিদ্ধান্ত দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!