আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও তীব্র, পাল্টাপাল্টি হামলা অব্যাহত

আপডেট: জুলা ২৩, ২০২৬ : ০৫:৫৪ এএম
যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও তীব্র, পাল্টাপাল্টি হামলা অব্যাহত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে। মঙ্গলবারও উভয় দেশ একে অপরের বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়েছে। একই সঙ্গে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সৌদি আরবের বন্দর অবরোধের হুমকি মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি করেছে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, মঙ্গলবার রাতে টানা ১১তম দিনের মতো ইরানের সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। সেন্টকমের দাবি, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলে হুমকি দেওয়ার সক্ষমতা দুর্বল করতেই এসব হামলা পরিচালিত হয়েছে।

এদিকে হোয়াইট হাউসে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান-সমর্থিত হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ এবং ইসরায়েলের সঙ্গে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় লেবাননকে সহযোগিতার আশ্বাস দেন। বৈঠকে প্রেসিডেন্ট আউন দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরেন।

বৈঠক শেষে ট্রাম্প জানান, নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে লেবাননে মার্কিন বিমান সংস্থাগুলোর সরাসরি ফ্লাইট পুনরায় চালুর অনুমোদন দেওয়া হবে। ১৯৮৫ সালে টিডব্লিউএ উড়োজাহরণ ছিনতাইয়ের পর থেকে এসব ফ্লাইট বন্ধ রয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ কংগ্রেসে জানান, ইরানকে কেন্দ্র করে চলমান সামরিক অভিযানে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় দাঁড়িয়েছে ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলার। তিনি পেন্টাগনের জন্য অতিরিক্ত ৬৭ বিলিয়ন ডলার বরাদ্দেরও আবেদন জানান।

ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযান এখনই শেষ হচ্ছে না। তাঁর ভাষায়, বর্তমান ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে ইরানের দুই দশকেরও বেশি সময় লাগতে পারে। একই সঙ্গে তিনি হুথি বিদ্রোহীদের সৌদি আরবের বন্দর অবরোধের হুমকির বিষয়ে সতর্ক করে বলেন, এমন পদক্ষেপ নেওয়া হলে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনির সঙ্গে বৈঠকে সংঘাতে জড়িত সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, পাকিস্তান মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রাখবে।

অন্যদিকে কুয়েত অভিযোগ করেছে, সোমবার ইরানের হামলায় দেশটির কয়েকটি বিদ্যুৎকেন্দ্র ও সমুদ্রের পানি লবণমুক্তকরণ কেন্দ্রে আগুন লাগে। বাহরাইনও দাবি করেছে, তাদের সামরিক বাহিনী ইরানের সর্বশেষ হামলা সফলভাবে প্রতিহত করেছে। হামলার পর দেশজুড়ে সতর্কতামূলক সাইরেন বাজানো হয় এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালী অতিক্রমের সময় নিয়ম লঙ্ঘনের অভিযোগে দুটি তেলবাহী জাহাজ আটক করা হয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের দাবি, জাহাজ দুটিতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের পর সেগুলো থামানো হয়।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা অব্যাহত থাকায় মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। বিশেষ করে হরমুজ প্রণালী ও ইয়েমেনকে ঘিরে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!