মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন চললেও তাঁকে মন্ত্রিসভা থেকে সরানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে দেশটির সরকার-সংশ্লিষ্ট একটি সূত্র।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি শুক্রবার এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। সূত্রটির ভাষ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের প্রতি আস্থা রেখেছে। একই সঙ্গে জাতীয় পরীক্ষা সংস্থা (এনটিএ)-সংক্রান্ত সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।
সরকারের ওই সূত্রের দাবি, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত একাধিক চক্রের বিরুদ্ধে ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মেডিকেল ভর্তি পরীক্ষায় অনিয়মের অভিযোগে গত দুই মাসের বেশি সময় ধরে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন করছেন শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা। তাঁদের প্রধান দাবি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং পরীক্ষা ব্যবস্থায় জবাবদিহি নিশ্চিত করা।
গত সোমবার আন্দোলনকারীরা পার্লামেন্ট অভিমুখে মিছিল বের করলে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। এরপর আন্দোলন আরও তীব্র আকার ধারণ করে। কংগ্রেসসহ কয়েকটি বিরোধী রাজনৈতিক দলও আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে।
ওড়িশার রাজনীতিবিদ ধর্মেন্দ্র প্রধান বর্তমানে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তবে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তিনি রাজনৈতিক চাপের মুখে রয়েছেন। সরকারের সর্বশেষ অবস্থানের পর আপাতত তাঁকে মন্ত্রিসভা থেকে সরানোর সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!