আন্তর্জাতিক

যুদ্ধ ও যুদ্ধবিরতির সময় ১৮ বিলিয়ন ডলারের তেল বিক্রির দাবি ইরানের

আপডেট: জুলা ২৬, ২০২৬ : ০৫:১১ এএম
যুদ্ধ ও যুদ্ধবিরতির সময় ১৮ বিলিয়ন ডলারের তেল বিক্রির দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত এবং পরবর্তী যুদ্ধবিরতির সময় মোট ১৮ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের তেল বিক্রি করেছে বলে দাবি করেছে ইরান। দেশটির তেল মন্ত্রণালয়ের ভাষ্য, চলমান সংকটের মধ্যেও তেল খাত থেকে প্রত্যাশার তুলনায় উল্লেখযোগ্য রাজস্ব আদায় সম্ভব হয়েছে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, শনিবার ইরানের তেল মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, যুদ্ধ চলাকালে ১১ দশমিক ৫ বিলিয়ন ডলার এবং যুদ্ধবিরতির সময়ে আরও ৬ দশমিক ৫ বিলিয়ন ডলারের তেল বিক্রি করা হয়েছে। সব মিলিয়ে ১৮ বিলিয়ন ডলারের তেল রপ্তানির দাবি করেছে তেহরান।

তেল মন্ত্রণালয়ের দাবি, এই আয় চলতি অর্থবছরের বাজেটে তেল খাত থেকে যে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, তার ৬০ শতাংশের বেশি পূরণ করেছে।

তবে ইরানের এ দাবির সঙ্গে দেশটির শীর্ষ রাজনৈতিক নেতৃত্বের আগের বক্তব্যের অসামঞ্জস্য রয়েছে। গত জুনের শেষ দিকে পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছিলেন, যুক্তরাষ্ট্রের বন্দর অবরোধের কারণে ইরান কোনো তেল রপ্তানি করতে পারেনি।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর দুই পক্ষের মধ্যে সংঘাত শুরু হয়। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর বিভিন্ন স্থাপনায় পাল্টা হামলা চালায়।

পরে এপ্রিল মাসে যুদ্ধবিরতি কার্যকর হলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। তবে জুলাইয়ের শুরুতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ও সংঘর্ষ শুরু হয়। এর মধ্যেই বিপুল পরিমাণ তেল বিক্রির দাবি করল ইরানের তেল মন্ত্রণালয়।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!