যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে কূটনৈতিক আলোচনা শুরুর সম্ভাবনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বড় ধরনের পতন হয়েছে। সোমবার এশিয়ার বাজারে লেনদেন শুরুর পরপরই ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম ৫ শতাংশের বেশি কমে যায়।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, টানা দুই রাত ধরে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের কোনো নতুন সামরিক হামলা না হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এতে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও না বাড়িয়ে আলোচনার পথ খোলা থাকতে পারে—এমন প্রত্যাশা থেকেই তেলের বাজারে বিক্রির চাপ বেড়েছে।
আন্তর্জাতিক বাজারের প্রধান মানদণ্ড ব্রেন্ট ক্রুড-এর দাম প্রতি ব্যারেলে ৫ দশমিক ৫৮ শতাংশ কমে ৯১ দশমিক ৩৮ মার্কিন ডলারে নেমে এসেছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৫ দশমিক ৪৬ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮৪ দশমিক ৪৩ মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি আন্তর্জাতিক জ্বালানি বাজারে সবচেয়ে বড় প্রভাবকগুলোর একটি। তাই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সংলাপ এবং সামরিক উত্তেজনা প্রশমনের ইঙ্গিত বিনিয়োগকারীদের আস্থা বাড়িয়েছে, যার সরাসরি প্রতিফলন দেখা গেছে তেলের দামে।
তবে বাজার পর্যবেক্ষকদের মতে, অঞ্চলটির পরিস্থিতি এখনও পুরোপুরি স্থিতিশীল নয়। ফলে ভবিষ্যতে কূটনৈতিক অগ্রগতি কিংবা নতুন করে উত্তেজনা—উভয় ঘটনাই আন্তর্জাতিক তেলের বাজারে দামের ওঠানামায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!