আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা সোমবার আর্জেন্টিনা সফরে যাচ্ছেন। সফরে তিনি দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইসহ সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।
বিশ্বের অন্যতম বড় আইএমএফ ঋণগ্রহীতা দেশ আর্জেন্টিনার অর্থনৈতিক সংস্কার কর্মসূচির অগ্রগতি মূল্যায়নই এ সফরের মূল উদ্দেশ্য। বার্তা সংস্থা এএফপির খবরে এ তথ্য জানানো হয়েছে।
আইএমএফের একটি সূত্র জানিয়েছে, সফরকালে জর্জিয়েভা অর্থমন্ত্রী লুইস কাপুতো, কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক সান্তিয়াগো বাসিলি এবং ব্যবসায়ী ও শিক্ষাঙ্গনের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন। এ ছাড়া তিনি দেশটির গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস উৎপাদন অঞ্চল ভাকা মুয়ের্তাও পরিদর্শন করবেন।
আইএমএফের মুখপাত্র জুলি কোজ্যাক বলেন, চলমান ঋণ কর্মসূচির আওতায় আর্জেন্টিনার অগ্রগতি পর্যালোচনার জন্য এটি একটি উপযুক্ত সময়।
২০২৩ সালে ক্ষমতায় আসার পর প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই সরকারি ব্যয় সংকোচন ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর অর্থনৈতিক সংস্কার কর্মসূচি বাস্তবায়ন শুরু করেন। আইএমএফ শুরু থেকেই এসব পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়ে আসছে।
তবে অর্থনীতিতে মিশ্র চিত্র দেখা যাচ্ছে। সাম্প্রতিক মাসগুলোতে মূল্যস্ফীতির হার কিছুটা কমলেও বছরভিত্তিক মূল্যস্ফীতি এখনো ৩৩ দশমিক ৫ শতাংশ। একই সময়ে অর্থনৈতিক প্রবৃদ্ধিও প্রত্যাশার তুলনায় দুর্বল রয়েছে। চলতি বছরে প্রবৃদ্ধি মাত্র ০ দশমিক ২ শতাংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে, যদিও ২০২৭ সালে তা ৪ শতাংশে পৌঁছানোর পূর্বাভাস রয়েছে।
অর্থনীতির দুর্বলতার আরেকটি দিক হলো ভোক্তা ব্যয় কমে যাওয়া এবং ঋণখেলাপির হার বৃদ্ধি। গত এক বছরে বন্ধকি ঋণের খেলাপির হার তিন গুণ বেড়ে ১২ দশমিক ৮ শতাংশে পৌঁছেছে, যা দুই দশকের মধ্যে সর্বোচ্চ।
এদিকে জর্জিয়েভার সফরকে কেন্দ্র করে কয়েকটি বামপন্থি রাজনৈতিক দল বিক্ষোভের ঘোষণা দিয়েছে। তারা আইএমএফের নীতির বিরোধিতা করে এ সফরের প্রতিবাদ জানাবে।
২০২৫ সালে আর্জেন্টিনা আইএমএফের সঙ্গে চার বছরের জন্য ২০ বিলিয়ন ডলারের বর্ধিত তহবিল সুবিধা (ইএফএফ) চুক্তি করে। চলতি বছরের মে মাসে ওই কর্মসূচির আওতায় ১ বিলিয়ন ডলারের একটি কিস্তি ছাড়ের অনুমোদন দেয় আইএমএফ।
আর্জেন্টিনা সফর শেষে জর্জিয়েভার উরুগুয়ে সফরেরও কথা রয়েছে। সেখানে তিনি দেশটির প্রেসিডেন্ট ইয়ামান্দু ওরসির সঙ্গে বৈঠক করবেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!