আন্তর্জাতিক

জাপানের শ্রমবাজারে বাংলাদেশি দক্ষ কর্মীর সুযোগ বাড়াতে উদ্যোগ

আপডেট: আগ ০৪, ২০২৬ : ০৫:২৭ এএম ১০
জাপানের শ্রমবাজারে বাংলাদেশি দক্ষ কর্মীর সুযোগ বাড়াতে উদ্যোগ

জাপানের শ্রমবাজারে বাংলাদেশি দক্ষ জনশক্তির অংশগ্রহণ বাড়াতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে জাপানের শিজুওকায় বাংলাদেশ ও জাপানের যৌথ উদ্যোগে একটি মানবসম্পদ সংযোগ (হিউম্যান রিসোর্স ম্যাচিং) সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার শিজুওকার গ্র্যানশিপ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এ সেমিনারের আয়োজন করে জাপানে বাংলাদেশ দূতাবাস এবং জাপান ইন্টারন্যাশনাল ট্রেইনি অ্যান্ড স্কিলড ওয়ার্কার কোঅপারেশন অর্গানাইজেশন (জিটকো)।

উদ্বোধনী অনুষ্ঠানে জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী বলেন, জাপানের শিল্পখাতে ক্রমবর্ধমান দক্ষ জনশক্তির চাহিদার সঙ্গে বাংলাদেশের জনমিতিক সম্ভাবনার সমন্বয় ঘটানো গেলে উভয় দেশই উপকৃত হবে।

তিনি জানান, জাপানের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশের তরুণদের আধুনিক কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা হচ্ছে। বর্তমানে দেশে ২৫০টির বেশি প্রশিক্ষণকেন্দ্রে জাপানি ভাষা শেখানো হচ্ছে। পাশাপাশি সাতটি ক্যাটাগরিতে স্পেসিফায়েড স্কিলড ওয়ার্কার (এসএসডব্লিউ) মূল্যায়ন পরীক্ষাও নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে।

রাষ্ট্রদূত আরও বলেন, গত ছয় মাসে কর্মসংস্থানসহ বিভিন্ন ক্যাটাগরিতে ১২ হাজারের বেশি বাংলাদেশি জাপানে গেছেন।

জিটকোর সভাপতি শিনজি ওগাওয়া বাংলাদেশি কর্মীদের পরিশ্রম, সততা এবং জাপানি কর্মপরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার সক্ষমতার প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশি টেকনিক্যাল ইন্টার্ন ও স্পেসিফায়েড স্কিলড ওয়ার্কাররা জাপানের বিভিন্ন খাতে সুনামের সঙ্গে কাজ করছেন। সাম্প্রতিক সময়ে জাপানি ভাষা ও দক্ষতা পরীক্ষায় বাংলাদেশি প্রার্থীদের সাফল্যের হারও বেড়েছে।

সেমিনারে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর মো. জয়নাল আবেদীন জাপানের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী গড়ে তুলতে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশি কর্মী নিয়োগে জাপানি প্রতিষ্ঠানের আগ্রহ বাড়ছে এবং এ ক্ষেত্রে দুই দেশের সহযোগিতার নতুন সুযোগ তৈরি হয়েছে।

অনুষ্ঠানে জাপানের বিভিন্ন তত্ত্বাবধায়ক সংস্থা, নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বাংলাদেশ থেকে সফররত প্রতিনিধিদলের সদস্যরা অংশ নেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!