আন্তর্জাতিক

দারফুরে আদালতে ড্রোন হামলায় নিহত অন্তত ৩৫

আপডেট: আগ ০৪, ২০২৬ : ০৫:৩৭ এএম ১২
দারফুরে আদালতে ড্রোন হামলায় নিহত অন্তত ৩৫

সুদানের পশ্চিমাঞ্চলীয় দারফুরে একটি আদালত প্রাঙ্গণে ড্রোন হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। রোববারের এ হামলার জন্য সুদানের সেনাবাহিনীকে দায়ী করেছে একটি মানবাধিকার সংগঠন। ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছেন।

মানবাধিকার সংগঠন দ্য ইমার্জেন্সি লয়ার্স জানিয়েছে, উত্তর দারফুরের গারা আল-জাওয়াইয়া গ্রামের আদালতে স্থানীয় সময় দুপুর ১টার দিকে হামলাটি চালানো হয়। সে সময় বিভিন্ন মামলা ও বিরোধের শুনানিতে অংশ নিতে বেসামরিক লোকজন সেখানে জড়ো হয়েছিলেন।

সংগঠনটির দাবি, গ্রামটি বর্তমানে আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর নিয়ন্ত্রণে রয়েছে। ২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে চলমান সংঘাতের মধ্যেই এ হামলার ঘটনা ঘটল।

এক প্রত্যক্ষদর্শীর ভাষ্য অনুযায়ী, স্থানীয় নেতাদের উপস্থিতিতে একটি গাছের নিচে আদালতের কার্যক্রম চলছিল। নিহতদের মধ্যে চারজন উপজাতীয় নেতা এবং দুজন আরএসএফ কমান্ডারও রয়েছেন।

হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে সুদানের সেনাবাহিনীর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে আরএসএফের স্বঘোষিত সরকার এ ঘটনাকে ‘ভয়াবহ অপরাধ’ উল্লেখ করে দাবি করেছে, হামলায় ৩৭ জন নিহত এবং অন্তত ৫০ জন আহত হয়েছেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!