ভারতের উত্তরাখণ্ডে টানেলের নির্মাণকাজ চলার সময় হঠাৎ পানি ঢুকে অন্তত সাত শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন শ্রমিক টানেলের ভেতরে আটকা পড়েছেন। উদ্ধারকারীরা তাঁদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন।
আজ শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, এখন পর্যন্ত ১৮ শ্রমিককে উদ্ধার করা হয়েছে। আরও তিনজন টানেলের ভেতরে আটকা রয়েছেন। তাঁদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন উদ্ধারকারীরা।
চামোলি জেলার পিপলকোটিতে তেহরি হাইড্রো ডেভেলপমেন্ট করপোরেশন লিমিটেডের (টিএইচডিসি) একটি প্রকল্পে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় টানেলে অন্তত ২৮ জন শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ করে প্রবল স্রোতে পানি টানেলের ভেতরে ঢুকে পড়লে অনেক শ্রমিক ভেসে যান।
জেলা ম্যাজিস্ট্রেট গৌরব কুমার জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে টানেলের নির্মাণকাজ চলার সময় হঠাৎ পানি ঢুকে পড়ে। এতে টানেলের ভেতরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
স্থানীয় সংসদ সদস্য লাখপত বুটোলা ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে বলেন, পুরো প্রশাসনিক দল ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। উদ্ধারকাজে নিয়োজিতদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া এখন প্রধান অগ্রাধিকার।
উদ্ধার অভিযানে এনডিআরএফ-এসডিআরএফ
আটকা পড়া শ্রমিকদের উদ্ধারে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) ও রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এসডিআরএফ) সদস্যরা অভিযান চালাচ্ছেন। ধ্বংসস্তূপ সরিয়ে শ্রমিকদের কাছে পৌঁছানোর চেষ্টা চলছে।
দুর্ঘটনার পর উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন। তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে পরিস্থিতির তাৎক্ষণিক তথ্য নিচ্ছেন।
মুখ্যমন্ত্রী জানান, হাসপাতালে চিকিৎসাধীন আহত শ্রমিকদের সঙ্গে তিনি কথা বলেছেন। তাঁদের অবস্থা স্থিতিশীল। এ ঘটনায় ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীদেরও বিষয়টি জানানো হয়েছে, কারণ আহত শ্রমিকদের কয়েকজন ওই দুই রাজ্যের বাসিন্দা।
কয়েক দিন ধরে ভারী বৃষ্টি
উত্তরাখণ্ডের চামোলি জেলায় গত কয়েক দিন ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এর আগে সোমবার নদীর পানির স্তর বেড়ে যাওয়ায় সৃষ্ট প্রবল স্রোতে জেলার নীতি উপত্যকা এলাকার একটি সেতু ভেসে যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কাদামিশ্রিত বিপুল পরিমাণ পানি প্রবল স্রোতে এসে ধাতব সেতুটিতে আঘাত করছে। কয়েক সেকেন্ডের মধ্যেই পানির তোড়ে সেতুটি উপড়ে গিয়ে নদীর তীরের দিকে ভেসে যায়।
সূত্র: এনডিটিভি
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!