নিউজিল্যান্ডের মাটিতে চীন গুপ্তচরবৃত্তি তৎপরতা বাড়িয়েছে—দেশটির গোয়েন্দা সংস্থার এমন অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে নিন্দা জানিয়েছে ওয়েলিংটনে চীনা দূতাবাস।
নিউজিল্যান্ডের সিকিউরিটি ইন্টেলিজেন্স সার্ভিস (এসআইএস) চলতি সপ্তাহে প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে সতর্ক করে বলেছে, চীন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ‘বড় পরিসরে’ গুপ্তচরবৃত্তি চালাচ্ছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এর জবাবে চীনা দূতাবাসের এক মুখপাত্র নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থাকে চীনের বিরুদ্ধে ‘আক্রমণ, অপবাদ ও হেয়প্রতিপন্ন করার’ ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে অভিযুক্ত করেছেন।
মুখপাত্র বলেন, ‘চীনের বিরুদ্ধে তাদের মিথ্যা অভিযোগগুলো হয় স্বাভাবিক যোগাযোগ ও সহযোগিতাকে তথাকথিত গুপ্তচরবৃত্তি বা হস্তক্ষেপ হিসেবে অপবাদ দিচ্ছে, নয়তো পুরোপুরি ভিত্তিহীন এবং মনগড়া।’
তিনি আরও বলেন, ‘এটি নিউজিল্যান্ডের ভেতরে ও বাইরে থাকা কিছু শক্তির মনোভাবও প্রকাশ করে, যারা চীন-নিউজিল্যান্ড সম্পর্কের সুস্থ বিকাশ দেখতে অনিচ্ছুক।’
চীনবিরোধী শক্তির ‘হাতের পুতুল’ হওয়ার অভিযোগ
চীনা দূতাবাসের এই বিবৃতি এমন সময়ে এল, যখন কয়েক সপ্তাহ আগে নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স চীনা বংশোদ্ভূত এক আইনপ্রণেতাকে ‘নিজের দেশে ফিরে যেতে’ বলার ঘটনায় চীনা দূতাবাস আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছিল।
শুক্রবার দূতাবাস নিউজিল্যান্ডের নাম না-জানা কিছু শক্তির বিরুদ্ধে ‘চীনবিরোধী শক্তির হাতের পুতুল হিসেবে কাজ করার’ অভিযোগ তোলে।
বিবৃতিতে বলা হয়, ‘আমরা এসব শক্তি ও ব্যক্তিকে বিষ দিয়ে তৃষ্ণা মেটানোর চেষ্টা না করতে এবং পাথর তুলে নিজের পায়ে ফেলার মতো কাজ না করতে আহ্বান জানাই।’
চীনা গুপ্তচরদের নিয়োগচেষ্টার অভিযোগ
এদিকে নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থা চলতি সপ্তাহে সতর্ক করে বলেছে, বেইজিংয়ের গুপ্তচরেরা পেশাগত যোগাযোগের ওয়েবসাইট ব্যবহার করে এমন নাগরিকদের নিয়োগের চেষ্টা করছে, যাদের রাষ্ট্রীয় গোপন তথ্যের নাগাল রয়েছে।
সংস্থাটি আরও জানিয়েছে, চীনা সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট পার্পল মাউন্টেন অবজারভেটরি নিউজিল্যান্ডে গোপনে গ্রাউন্ড বেইজড স্পেস ইনফ্রাস্ট্রাকচার (জিবিএসআই) স্থাপনের একটি চেষ্টা চালিয়েছিল, যা তারা নস্যাৎ করেছে।
এ কাজে জড়িত স্থানীয় কোম্পানিটির নাম প্রকাশ করা হয়নি। তবে নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার ভাষ্য, প্রতিষ্ঠানটি সম্ভবত জানত না যে সরবরাহ করা সরঞ্জামগুলো ‘সামরিক মূল্যসম্পন্ন’ গোয়েন্দা তথ্য সংগ্রহে সক্ষম।
প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, নিউজিল্যান্ডে নিজস্ব জিবিএসআই স্থাপনের চেষ্টা পার্পল মাউন্টেন অবজারভেটরির জন্য প্রথম ঘটনা নয়। ভবিষ্যতে এমন চেষ্টা আবারও হতে পারে বলে আশঙ্কা করছে গোয়েন্দা সংস্থাটি।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!