দীর্ঘদিনের অনাবৃষ্টি ও তীব্র দাবদাহে ইংল্যান্ডের প্রায় তিন-চতুর্থাংশ এলাকা খরার কবলে পড়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য সরকার। এতে কৃষি, সুপেয় পানির সরবরাহ ও বন্যপ্রাণীর ওপর বড় ধরনের প্রভাব পড়ছে। এমন পরিস্থিতিতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ সালাতুল ইস্তিসকা আদায় করেছেন যুক্তরাজ্যের মুসলিমরা।
রোববার (১৬ আগস্ট) যুক্তরাজ্যের বিভিন্ন এলাকার মসজিদে মুসল্লিরা সালাতুল ইস্তিসকায় অংশ নেন। দীর্ঘদিনের শুষ্ক আবহাওয়া ও খরায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বৃষ্টির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন তাঁরা।
ইসলামি রীতি অনুযায়ী, খরা বা পানির সংকট দেখা দিলে বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া ও বিশেষ নামাজ আদায় করা হয়। রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ অনুসরণ করে মুসলিমরা এ নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহর রহমত ও কল্যাণকর বৃষ্টির জন্য প্রার্থনা করেন।
দোয়ার পাশাপাশি মানবিক উদ্যোগের আহ্বান
সালাতুল ইস্তিসকার পাশাপাশি যুক্তরাজ্যের মুসলিম সংগঠনগুলো মানুষকে দান-সদকা করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে পানির অপচয় বন্ধ করা এবং খরা ও পানির সংকটে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
খরার কারণে দেশটির বিভিন্ন অঞ্চলে পানির সংকট ও পরিবেশগত ঝুঁকি বাড়ছে। কৃষি ও বন্যপ্রাণীর ওপরও এর প্রভাব পড়ছে। এমন পরিস্থিতিতে আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনার পাশাপাশি পানি সংরক্ষণ ও সংকটে থাকা মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!