আন্তর্জাতিক

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু

আপডেট: আগ ১৯, ২০২৬ : ০৫:৩৯ এএম
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু

ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকার ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক শিশুসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬ জন। নিহত ব্যক্তিদের সবাই বাংলাদেশি নাগরিক বলে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। তাঁরা চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন।

বুধবার (১৯ আগস্ট) ভোররাত ২টার দিকে হোটেলটিতে আগুন লাগে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের কারণ হিসেবে এসি বিস্ফোরণের কথা বলা হলেও, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়।

ঘটনাস্থলটি কলকাতার ব্যস্ত ও ঘনবসতিপূর্ণ নিউ মার্কেট এলাকার কাছে হওয়ায় আগুন লাগার পর দ্রুত উদ্ধার তৎপরতা শুরু হয়। ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। উদ্ধারকাজে পুলিশ ও দুর্যোগ মোকাবিলা দলের সদস্যরাও অংশ নেন।

ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু

ফায়ার সার্ভিস ও পুলিশ কর্মকর্তাদের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, হোটেলের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। আগুন ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ভবনের বিভিন্ন কক্ষ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এতে অনেক অতিথি ভেতরে আটকা পড়েন।

পুলিশের এক কর্মকর্তা পিটিআইকে বলেন, ঘন ধোঁয়ার কারণে উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের কর্মীদের বেশ বেগ পেতে হয়। বিভিন্ন কক্ষ থেকে অচেতন অবস্থায় কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকেরা তাঁদের মধ্যে ৯ জনকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের শরীরে আগুনে পোড়ার স্পষ্ট চিহ্ন পাওয়া যায়নি। ঘন ধোঁয়ার কারণে দমবন্ধ হয়ে তাঁদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তদন্ত শুরু

অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। হোটেলটির অগ্নিনিরাপত্তা ব্যবস্থাও খতিয়ে দেখা হচ্ছে।

এর মাত্র দুই দিন আগে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠে একটি হোটেলে অগ্নিকাণ্ডে কয়েকজনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই কলকাতার হোটেলে প্রাণহানির এ ঘটনা ঘটল।

আরএস--রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!