আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, আরোহী ৮

আপডেট: আগ ২১, ২০২৬ : ০৫:৫৭ এএম
যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, আরোহী ৮

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের পূর্বাঞ্চলে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে দুই পাইলটসহ মোট আটজন আরোহী ছিলেন। তাঁদের ভাগ্যে কী ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান চলাচল প্রশাসনের (এফএএ) কর্মকর্তারা স্থানীয় সময় বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। সেসনা ৪৪১ ফ্লাইটটি আলাস্কার অ্যাঙ্কোরেজ শহর থেকে প্রায় ৪৫০ মাইল দক্ষিণ-পূর্বে অবস্থিত কেপ নিউনহামের দিকে যাচ্ছিল। গন্তব্যের কাছাকাছি পৌঁছানোর পর বিমানটি বিধ্বস্ত হয়।

যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ডের (এনটিএসবি) আলাস্কা অঞ্চলের প্রধান ক্লিন্ট জনসন জানান, সিকিউরিটি অ্যাভিয়েশনের পরিচালিত বিমানটিতে দুজন পাইলট ও ছয়জন যাত্রী ছিলেন। তবে তাঁরা জীবিত আছেন কি না, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

ক্লিন্ট জনসন আরও জানান, কেপ নিউনহামের বিমানবন্দরের কাছেই বিমানটি মাটিতে বিধ্বস্ত হয়েছে। ওই স্থাপনাটি যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর একটি এয়ারস্ট্রিপ, যেখান থেকে দূরপাল্লার রাডার সাইটে যাওয়ার সুযোগ রয়েছে।

দুর্ঘটনার কারণ জানা যায়নি

বিমানটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, তা এখনো জানা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, কেপ নিউনহাম বিমানবন্দরে শুধু সামরিক ও বিশেষ চার্টার্ড বিমান অবতরণের অনুমতি রয়েছে।

সূত্র: সিএনএন

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!