বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একই সঙ্গে দুই দেশের সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্ব আরও গভীর করতে তাঁর সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
অভিনন্দনবার্তায় শি জিনপিং বলেন, চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশ। পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যেও দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক অটুট রয়েছে।
চীনের প্রেসিডেন্ট বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫১ বছরে দুই দেশ সব সময় একে অপরকে সম্মান করেছে এবং সমতার ভিত্তিতে আচরণ করেছে। পাশাপাশি নিজ নিজ দেশের মূল স্বার্থ ও গুরুত্বপূর্ণ বিষয়ে পরস্পরকে সহযোগিতা করেছে। আধুনিকায়নের পথেও দুই দেশ হাতে হাত মিলিয়ে এগিয়ে চলেছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঐতিহ্যবাহী বন্ধুত্ব এগিয়ে নেওয়া, কৌশলগত যোগাযোগ জোরদার এবং উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা বাড়াতে কাজ করার আগ্রহ প্রকাশ করেন শি জিনপিং।
নতুন যুগে চীন-বাংলাদেশের অভিন্ন ভবিষ্যৎ বিনির্মাণে বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে বিনিময় ও সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
শি জিনপিং আশা প্রকাশ করেন, দুই দেশের মধ্যে এ ধরনের সহযোগিতা আরও গভীর হবে এবং এর সুফল দৃশ্যমান হবে। এর মাধ্যমে উভয় দেশের জনগণের জন্য আরও বেশি কল্যাণ বয়ে আসবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!