আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬,৫০০ ছাড়িয়েছে

আপডেট: আগ ২৫, ২০২৬ : ০৫:৫৪ এএম
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬,৫০০ ছাড়িয়েছে

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের দুই মাস পর মৃতের সংখ্যা বেড়ে ৬ হাজার ৫০৯ জনে দাঁড়িয়েছে। দেশটির অন্তর্বর্তী সরকার সোমবার এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গত ২৪ জুন ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় উপকূলীয় লা গুয়াইরা প্রদেশ। সেখানে অন্তত ১৯০টি ভবন পুরোপুরি ধসে পড়ে।

এর আগে ভূমিকম্পে নিহতের সংখ্যা ৬ হাজার ৪৩৮ জন বলে জানিয়েছিল কর্তৃপক্ষ। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মৃতদেহ উদ্ধারে এখনো লা গুয়াইরায় অভিযান চলছে।

ভূমিকম্পে ঘরবাড়ি হারানো হাজারো মানুষ এখনো অস্থায়ী তাঁবু ও বিভিন্ন ক্যাম্পে বসবাস করছেন। তবে ভূমিকম্পের পর এখন পর্যন্ত কতজন নিখোঁজ রয়েছেন, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি অন্তর্বর্তী সরকার।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের মধ্যে এখন পর্যন্ত ৩৩৫টি পরিবারকে নতুন ঘর দেওয়া হয়েছে। বছরের শেষ নাগাদ মোট ৪ হাজার পরিবারকে ঘর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সরকার।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!