আন্তর্জাতিক

হরমুজ প্রণালীর কাছে মাইনে আঘাত, তেলবাহী ট্যাংকারে আগুন: ইরান

আপডেট: সেপ্টে ০১, ২০২৬ : ০৫:৫৬ এএম ১৭
হরমুজ প্রণালীর কাছে মাইনে আঘাত, তেলবাহী ট্যাংকারে আগুন: ইরান

হরমুজ প্রণালীর কাছে দুটি নৌ মাইনে আঘাতের পর একটি তেলবাহী সুপারট্যাংকারে আগুন ধরে যাওয়ার দাবি করেছে ইরান। সোমবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এ তথ্য জানানো হয়।

ইরানের বিপ্লবী গার্ডস (আইআরজিসি) বলেছে, হরমুজ প্রণালীর দক্ষিণে অনুমোদনহীন একটি পথে যাওয়ার সময় ট্যাংকারটি দুটি নৌ মাইনে আঘাত করে। এরপর এতে আগুন ধরে যায় এবং জাহাজটি সম্পূর্ণ থেমে যায়।

আইআরজিসির বিবৃতিতে ট্যাংকারটির নাম বা পতাকা উল্লেখ করা হয়নি। এ ঘটনায় কোনো হতাহত হয়েছে কি না, কিংবা জাহাজটির কী পরিমাণ ক্ষতি হয়েছে, সে বিষয়েও বিস্তারিত জানানো হয়নি।

ইরানের বিপ্লবী গার্ডসের পক্ষ থেকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে তাদের নির্ধারিত নৌ চলাচলের নিয়ম মেনে চলার আহ্বান জানানো হয়েছে। নিয়ম না মানা জাহাজগুলোর একই পরিণতি হতে পারে বলেও সতর্ক করেছে আইআরজিসি।

তবে ইরানের এ দাবি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। সংস্থাটি বলেছে, হরমুজ প্রণালীতে কোনো জাহাজ মাইনে আঘাত করেনি। ইরানের এই দাবিকে বাণিজ্যিক জাহাজ চলাচলকে ভয় দেখানোর উদ্দেশ্যে ‘ভুয়া তথ্য’ ছড়ানোর প্রচেষ্টা হিসেবে অভিহিত করেছে সেন্টকম।

হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়ার মধ্যে এই জলপথের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!