প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রীর সঙ্গে অজয় বাঙ্গার বৈঠক হয়। বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি, বিভিন্ন প্রকল্পে বিশ্বব্যাংকের সহযোগিতা বাড়ানো এবং জ্বালানি সংকটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আমির খসরু মাহমুদ চৌধুরী এসব তথ্য জানান।
নতুন প্রকল্পে বিশ্বব্যাংকের সহযোগিতা
অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ ও বিশ্বব্যাংকের বিদ্যমান অংশীদারত্ব এবং ভবিষ্যৎ প্রকল্পগুলোতে বিশ্বব্যাংকের সহযোগিতা কীভাবে আরও বাড়ানো যায়, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
তিনি বলেন, সরকারের নেওয়া বিভিন্ন সামাজিক কর্মসূচি, বিশেষ করে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা হয়েছে। এসব কর্মসূচিতে বিশ্বব্যাংকের সমর্থন থাকবে বলেও জানান তিনি।
তরুণদের কর্মসংস্থানে জোর
তরুণ উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি আরও বড় পরিসরে বাস্তবায়নের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী।
আমির খসরু বলেন, বর্তমানে বাস্তবায়ন করা কর্মসূচিতে ৫০ শতাংশ অনুদান এবং ৫০ শতাংশ সহজ শর্তের ঋণের ব্যবস্থা রয়েছে। ভবিষ্যতে বিশ্বব্যাংকের সহযোগিতায় এ ধরনের কর্মসূচি আরও বড় আকারে নেওয়া এবং তরুণদের কর্মসংস্থানে যৌথভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে।
জ্বালানি সংকট নিয়েও আলোচনা
বাংলাদেশের তেল ও গ্যাস সংকট মোকাবিলায় বিশ্বব্যাংকের ভূমিকা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী।
তিনি বলেন, জ্বালানি সংকট কাটাতে বিশ্বব্যাংক এগিয়ে আসতে আগ্রহী। একই সঙ্গে চলমান প্রকল্পগুলো যাতে সরবরাহব্যবস্থার সমস্যার কারণে বাধাগ্রস্ত না হয়, সে বিষয়েও বিশ্বব্যাংকের সঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে।
বিশ্বব্যাংক বাংলাদেশের টেকসই প্রকল্পগুলো গুরুত্ব দিয়ে দেখছে উল্লেখ করে আমির খসরু বলেন, বিশেষ করে তরুণ উদ্যোক্তা উন্নয়ন ও কর্মসংস্থানসংক্রান্ত কর্মসূচিগুলো আরও বড় পরিসরে নেওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে।
বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং অর্থ ও পরিকল্পনাবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!