আন্তর্জাতিক

১৯১ দেশের তরুণদের অংশগ্রহণে রাশিয়ায় বিশ্ব যুব উৎসবের সমাপ্তি

আপডেট: সেপ্টে ১৭, ২০২৬ : ০১:০৫ পিএম ১৩ ০
১৯১ দেশের তরুণদের অংশগ্রহণে রাশিয়ায় বিশ্ব যুব উৎসবের সমাপ্তি
ইকাতেরিনবার্গে অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন দেশের যুব প্রতিনিধিরা। ছবি: সংগৃহীত

রাশিয়ার ইকাতেরিনবার্গ শহরে শেষ হয়েছে ‘ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ-২০২৬’। বিশ্বের ১৯১টি দেশের প্রায় ১০ হাজার যুব প্রতিনিধি নিয়ে আয়োজিত এ আন্তর্জাতিক উৎসবের মূল সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ১৬ সেপ্টেম্বর।

ইন্টারন্যাশনাল এক্সিবিশন সেন্টারে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ। বিভিন্ন দেশ থেকে তরুণদের অংশগ্রহণকে স্বাগত জানিয়ে তিনি উৎসবের মাধ্যমে পারস্পরিক যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হয়েছে বলে উল্লেখ করেন।

‘ফলো ইওর ড্রিম’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত উৎসবে তরুণদের জন্য বিভিন্ন সাংস্কৃতিক ও আন্তর্জাতিক যোগাযোগভিত্তিক কর্মসূচি ছিল। সমাপনী পর্বের আগে কনসার্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানে রাশিয়ার বিভিন্ন অঞ্চল এবং বিশ্বের নানা এলাকার সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হয়।

লাভরভ তাঁর বক্তব্যে তরুণদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়ানো এবং বিভিন্ন দেশের মানুষের সঙ্গে যোগাযোগ তৈরির ওপর গুরুত্ব দেন। তিনি উৎসবে অংশ নেওয়া বিভিন্ন দেশের প্রতিনিধিদের রাশিয়ার সংস্কৃতি ও বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পাওয়ার কথাও উল্লেখ করেন।

রাশিয়ার ‘ইয়ুথ অ্যান্ড চিলড্রেন’ জাতীয় প্রকল্পের আওতায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্যোগে উৎসবটি আয়োজন করা হয়। দেশটির যুববিষয়ক কেন্দ্রীয় সংস্থা রসমোদোলেজ এবং ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যাল ডিরেক্টরেট আয়োজনের সঙ্গে যুক্ত ছিল।

বাংলাদেশ থেকেও এবারের উৎসবে প্রতিনিধিদল অংশ নেয়। আয়োজকদের তথ্য অনুযায়ী, বাংলাদেশের ৭০ জন যুব প্রতিনিধি এবং চারজন গণমাধ্যমকর্মী এতে অংশগ্রহণ করেন।

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!