আন্তর্জাতিক

রাশিয়ায় আন্তর্জাতিক যুব উৎসবে বাংলাদেশের ৭০ প্রতিনিধি

আপডেট: সেপ্টে ১৬, ২০২৬ : ০১:৩৩ পিএম ১০ ০
রাশিয়ায় আন্তর্জাতিক যুব উৎসবে বাংলাদেশের ৭০ প্রতিনিধি
ইকাতেরিনবার্গে আন্তর্জাতিক যুব উৎসবে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে অংশ নিচ্ছেন বাংলাদেশের তরুণরা। ছবি: সংগৃহীত

রাশিয়ার ইকাতেরিনবার্গে আয়োজিত আন্তর্জাতিক যুব উৎসব ‘ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ-২০২৬’-এ বাংলাদেশের ৭০ জন তরুণ-তরুণী অংশ নিয়েছেন। ১১ সেপ্টেম্বর শুরু হওয়া এই উৎসবে ১৯১টি দেশের প্রায় ১০ হাজার যুব প্রতিনিধি অংশ নিচ্ছেন।

উৎসবের ভেন্যুতে বিভিন্ন দেশের তরুণদের পাশাপাশি বিশেষজ্ঞ, গবেষক, উদ্যোক্তা, বিনিয়োগকারী, প্রশিক্ষক ও পেশাজীবীদের অংশগ্রহণ রয়েছে। বাংলাদেশি প্রতিনিধিরাও বিভিন্ন আলোচনা, কর্মশালা, প্রদর্শনী, খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমে যুক্ত হচ্ছেন।

উৎসবে অংশ নেওয়া তরুণদের ভাষ্য অনুযায়ী, বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে নতুন ধারণা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে নেটওয়ার্ক তৈরির সুযোগও পাচ্ছেন তারা।

বাংলাদেশি প্রতিনিধি জান্নাতুল মাওয়া মীম জানান, কর্মশালা ও আলোচনায় অংশ নিয়ে তিনি বিভিন্ন বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন করছেন। তাঁর মতে, এসব অভিজ্ঞতা ভবিষ্যতে ব্যক্তিগত দক্ষতা ও ক্যারিয়ার উন্নয়নের পাশাপাশি দেশের জন্য কাজ করার ক্ষেত্রে সহায়ক হতে পারে।

উহান বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সোহেল হোসাইন জানান, উৎসবে বিভিন্ন দেশের সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং নতুন উদ্ভাবন সম্পর্কে জানার সুযোগ হচ্ছে। বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে পরিচিত হয়ে ভবিষ্যৎ যোগাযোগের ক্ষেত্রও তৈরি হচ্ছে বলে জানান তিনি।

ক্রীড়া অঙ্গনের প্রতিনিধি আব্দুর রাহিম বিভিন্ন দেশের খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগের অভিজ্ঞতার কথা জানান। তাঁর মতে, আন্তর্জাতিক পর্যায়ের ক্রীড়াবিদদের সঙ্গে পরিচিত হওয়া এবং অভিজ্ঞতা বিনিময় বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রেও কাজে লাগানো সম্ভব।

এ ছাড়া আল ইমরান নয়ন ও ইরাদা তুদ দিনিয়াতসহ বাংলাদেশের অন্যান্য প্রতিনিধিরাও উৎসবে নিজেদের সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগ ও অভিজ্ঞতা অর্জনে অংশ নিচ্ছেন।

উৎসবের বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে তরুণদের মধ্যে সাংস্কৃতিক বিনিময়, পারস্পরিক যোগাযোগ ও পেশাগত নেটওয়ার্ক তৈরির সুযোগ তৈরি হয়েছে। বাংলাদেশের প্রতিনিধিরাও এসব কার্যক্রমের মাধ্যমে নিজেদের অভিজ্ঞতা সমৃদ্ধ করার পাশাপাশি দেশের সংস্কৃতি ও তরুণদের সম্ভাবনা তুলে ধরছেন।

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!