রাশিয়ার ইকাতেরিনবার্গে শুরু হয়েছে ‘ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ-২০২৬’। রোববার (১৩ সেপ্টেম্বর) ইন্টারন্যাশনাল এক্সিবিশন সেন্টারে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে উৎসবের মূল পর্ব শুরু হয়। আয়োজনে বিশ্বের ১৯১টি দেশের প্রায় ১০ হাজার যুব প্রতিনিধি অংশ নিচ্ছেন।
বাংলাদেশ থেকে ৭০ জন যুব প্রতিনিধি ও চারজন গণমাধ্যমকর্মীসহ মোট ৭৪ জন এই আয়োজনে অংশ নিয়েছেন। এর আগে ১১ সেপ্টেম্বর থেকে বিভিন্ন আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
উদ্বোধনী উপলক্ষে দেওয়া ভিডিও বার্তায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আন্তর্জাতিক যুব উৎসবে অংশ নেওয়া তরুণদের স্বাগত জানান। তিনি ইকাতেরিনবার্গের ভৌগোলিক অবস্থান এবং উরাল অঞ্চলের শিল্প, সংস্কৃতি ও বৈজ্ঞানিক ঐতিহ্যের বিষয় তুলে ধরেন।
তরুণদের উদ্দেশে পুতিন বলেন, প্রযুক্তির দ্রুত পরিবর্তন মানুষের জীবনকে কীভাবে প্রভাবিত করছে এবং ভবিষ্যতের পৃথিবী কেমন হওয়া উচিত—এসব বিষয়ে বিভিন্ন দেশের তরুণ নেতাদের আলোচনা করা গুরুত্বপূর্ণ। তিনি আন্তর্জাতিক সহযোগিতা ও পারস্পরিক যোগাযোগ বাড়ানোর ওপরও গুরুত্ব দেন।
তার বক্তব্যে মানুষের স্বাধীনতা, বিভিন্ন দেশের নিজস্ব পথ বেছে নেওয়ার অধিকার এবং শিক্ষা, খাদ্য, পানি, জ্বালানি ও প্রযুক্তির সুযোগ নিয়ে মতামত তুলে ধরা হয়। পাশাপাশি রাশিয়ার বিভিন্ন প্রকল্পে আগ্রহী তরুণদের অংশগ্রহণের সুযোগের কথাও তিনি উল্লেখ করেন।
উৎসবের উদ্বোধনী আয়োজনে রাশিয়ার বিভিন্ন অঞ্চলের ইতিহাস ও সংস্কৃতি তুলে ধরে সংগীত ও নৃত্য পরিবেশন করা হয়। রাশিয়ার পাশাপাশি অন্যান্য দেশের শিল্পীরাও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।
‘ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ-২০২৬’-এ যুব প্রতিনিধি ছাড়াও বিভিন্ন খাতের বিশেষজ্ঞ, পেশাজীবী, গবেষক, উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। উৎসবের কর্মসূচিতে আন্তর্জাতিক আলোচনা, কর্মশালা, সাংস্কৃতিক বিনিময়, ক্রীড়া ও নেটওয়ার্কিং কার্যক্রম রাখা হয়েছে।
No comments yet. Be the first to comment!