আন্তর্জাতিক

চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরল যুক্তরাষ্ট্র-ইরান

আপডেট: সেপ্টে ২৯, ২০২৬ : ০৫:৪৩ এএম ৬ ০
চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরল যুক্তরাষ্ট্র-ইরান

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গত কয়েক মাস ধরে চলমান উত্তেজনা ও সংঘাতের মধ্যেই মধ্যস্থতাকারীদের মাধ্যমে আবারও পরোক্ষ কূটনৈতিক আলোচনা শুরু হয়েছে। গতকাল সোমবার দুই দেশের কর্মকর্তারা পৃথকভাবে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা করেছেন।

আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ইরানের দেওয়া নতুন সাত দিনের প্রস্তাব নিয়েই আলোচনার মূল বিষয় ছিল। ভবিষ্যতের আলোচনাতেও প্রস্তাবটির সংশোধিত সংস্করণকে ভিত্তি হিসেবে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন তিনি।

ইরানের পক্ষ থেকে গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে নতুন শান্তি প্রস্তাবটি উপস্থাপন করা হয়। ৮১তম অধিবেশনে যোগ দিতে গত ২২ সেপ্টেম্বর প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সদস্য হিসেবে নিউইয়র্কে যান ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি।

নিউইয়র্কে অবস্থানকালে কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে ওই প্রস্তাবের নথি পাঠান আরাগচি। প্রস্তাবে থাকা শর্তগুলো ওয়াশিংটন মেনে নিলে আগামী সাত দিনের মধ্যে হরমুজ প্রণালিতে আরোপ করা অবরোধ প্রত্যাহার করে জলপথটি বিদেশি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য পুনরায় খুলে দেওয়ার কথা জানানো হয়েছে।

প্রস্তাব পাঠানোর পর নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র যদি সত্যিই চুক্তি বা শান্তিপূর্ণ সমাধান চায়, তাহলে ইরানের কাছে তার একটি সমাধান রয়েছে এবং সেটি ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হয়েছে।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছিলেন, তিনি ইরানের নতুন প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তবে এর এক দিন পর মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে তিনি বলেন, চলতি সপ্তাহেই মার্কিন প্রতিনিধিদের সঙ্গে ইরানি প্রতিনিধিদের আবার আলোচনা শুরু হতে পারে বলে তিনি আশা করছেন।

ফলে সাম্প্রতিক উত্তেজনার মধ্যেও দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে কূটনৈতিক যোগাযোগ আবার সক্রিয় হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

সূত্র: রয়টার্স, জিও নিউজ

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!