মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে চারবার ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশের বিভিন্ন এলাকা। শনিবার দিবাগত রাতে ৭৫ মিনিটের মধ্যে পরপর তিনটি ভূমিকম্প অনুভূত হয়। এসব ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমার, ভারতের মিজোরাম ও ত্রিপুরা।
পরে রোববার ভোরেও ৪ দশমিক ৮ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, শনিবার রাত ১২টা ১২ মিনিটে মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত এলাকায় ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়। এর প্রভাবে কক্সবাজার, টেকনাফ সীমান্তবর্তী এলাকা ও চট্টগ্রামে কম্পন অনুভূত হয়।
এর মাত্র এক মিনিট পরই বাংলাদেশ-ভারত সীমান্তসংলগ্ন ভারতের মিজোরামের লুংলেই এলাকায় ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। এ ভূমিকম্পের কম্পন চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালীসহ দেশের বিভিন্ন এলাকায় অনুভূত হয়।
এরপর রাত ১টা ২৭ মিনিটে ভারতের ত্রিপুরার আগরতলা ও ডালাই এলাকায় ৩ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মৃদু কম্পন অনুভূত হয়।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্যেও ত্রিপুরার ডালাই এলাকায় ৩ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এদিকে রোববার ভোর ৪টার দিকে ঢাকার ৪৪৩ কিলোমিটার দূরে ৪ দশমিক ৮ মাত্রার আরও একটি ভূমিকম্প রেকর্ড করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
অল্প সময়ের ব্যবধানে একাধিক ভূমিকম্প অনুভূত হলেও এখন পর্যন্ত এসব ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সর্বশেষ ভূমিকম্পটির উৎপত্তিস্থল ও অন্যান্য বিস্তারিত তথ্য নিয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলো পর্যবেক্ষণ করছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!