ইরানের নেতৃত্বকে চ্যালেঞ্জ করতে গিয়ে যুক্তরাষ্ট্র সম্ভবত ‘বাড়াবাড়ি’ করে ফেলেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর মতে, এর ফলে এখন আলোচনার জন্য উপযুক্ত ইরানি কর্মকর্তা খুঁজে পেতে হিমশিম খাচ্ছে ওয়াশিংটন।
সোমবার (১২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউন শহরে রিপাবলিকান পার্টির একটি নির্বাচনী প্রচার সমাবেশে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ মন্তব্য করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ট্রাম্প বলেন, ‘ইরানের নেতৃত্ব নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি। এখন আমরা বুঝতেই পারছি না, ইরানে কাদের সঙ্গে কাজ করব। কেউ ইরানের প্রেসিডেন্ট হতে চায় না।’
তিনি আরও বলেন, ইরানের ভবিষ্যৎ প্রেসিডেন্ট হিসেবে ওয়াশিংটন যাঁদের বিবেচনায় রেখেছিল, তাঁদের কেউই ওই পদে বসতে রাজি হচ্ছেন না।
ট্রাম্পের ভাষ্য, ‘সত্যি বলতে, কাদের সঙ্গে আলোচনা করব, তা ঠিক করা আমাদের জন্য কঠিন হয়ে পড়েছে। আমার মনে হয়, আমরা বাড়াবাড়ি করে ফেলেছি।’
তবে ইরানের সামরিক সক্ষমতা নিয়ে নিজের আগের দাবিও পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর দাবি, গত প্রায় আট মাসের যুদ্ধে ইরান বিমানবাহিনী হারিয়েছে এবং দেশটির নৌবাহিনীর ১৫৯টি জাহাজই ধ্বংস হয়েছে।
ট্রাম্প বলেন, ইরানের যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজগুলো এখন ‘সমুদ্রের তলদেশে সুন্দরভাবে পড়ে আছে’।
এদিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে উত্তেজনা অব্যাহত রয়েছে। পারস্য উপসাগর ও ওমান উপসাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোতে হামলার ঘটনা ঘটছে। ব্রিটিশ সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনসের (ইউকেএমটিও) তথ্য অনুযায়ী, গত ১ অক্টোবর থেকে হরমুজ প্রণালি, পারস্য উপসাগর ও ওমান উপসাগরে অন্তত ১৯টি বাণিজ্যিক জাহাজে হামলা হয়েছে।
সূত্র: দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস, আলজাজিরা
No comments yet. Be the first to comment!