আন্তর্জাতিক

চীন-রাশিয়া ইরানকে সহায়তা করছে, বিশ্বাস করেন না ট্রাম্প

আপডেট: অক্টো ১৪, ২০২৬ : ০৫:২১ এএম ৭ ০
চীন-রাশিয়া ইরানকে সহায়তা করছে, বিশ্বাস করেন না ট্রাম্প

চীন ও রাশিয়া ইরানকে সহায়তা করছে বলে বিশ্বাস করেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর মতে, দেশ দুটি ইরানকে সহায়তা করলে তাদের অনেক কিছু হারানোর ঝুঁকি রয়েছে।

মার্কিন সেনাদের ওপর হামলার জন্য চীন ও রাশিয়ার বিভিন্ন সংস্থা ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে—এমন প্রতিবেদন প্রকাশের পর এ বিষয়ে মন্তব্য করলেন ট্রাম্প।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘যদি তারা সহায়তা করেও থাকে, তবে তা খুবই সীমিত পর্যায়ে। তবে আমি মোটেও বিশ্বাস করি না যে তারা তা করছে।’ তিনি আরও লেখেন, ‘তাদের হারানোর মতো অনেক কিছু আছে। আর আমরা বিষয়টি জানতে পারব, খুব দ্রুতই জানতে পারব!’

চীন-রাশিয়াকে সতর্ক করেছিলেন ট্রাম্প

এর আগে গত জুলাইয়ে ট্রাম্প বলেছিলেন, চীন ও রাশিয়া ইরানের কাছে অস্ত্র বিক্রি করছে বলে তিনি বিশ্বাস করেন না। একই সঙ্গে দেশ দুটি এমনটি করলে তাদের জন্য তা ‘খুব খারাপ’ হবে বলে সতর্ক করেছিলেন তিনি।

যুক্তরাষ্ট্রের মিত্রদের তুলনায় চীনের প্রেসিডেন্ট সি চিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি ট্রাম্পকে প্রায়ই তুলনামূলক নমনীয় অবস্থান নিতে দেখা গেছে। বিশ্বের প্রধান শক্তিধর দেশগুলোর নেতা হিসেবে তাঁদের সম্মান করা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। এর জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে পাল্টা হামলা চালায়।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!