আন্তর্জাতিক

ইরানের হাতে এখনো আড়াই হাজারের বেশি ক্ষেপণাস্ত্র, দাবি মার্কিন গোয়েন্দাদের

আপডেট: নভে ১৯, ২০২৬ : ০৬:০২ এএম ১ ০
ইরানের হাতে এখনো আড়াই হাজারের বেশি ক্ষেপণাস্ত্র, দাবি মার্কিন গোয়েন্দাদের

যুক্তরাষ্ট্রের সঙ্গে টানা নয় মাসের সংঘাতের পরও ইরানের অস্ত্রভাণ্ডারে উল্লেখযোগ্যসংখ্যক ক্ষেপণাস্ত্র রয়েছে। মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা, ইরানের কাছে এখনো বিভিন্ন পাল্লার প্রায় ২ হাজার ৫০০টি ক্ষেপণাস্ত্র মজুত আছে।

সংঘাত আবার শুরু হলে এসব ক্ষেপণাস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ও তাদের মিত্রদের বিভিন্ন স্থাপনায় হামলা চালানোর সক্ষমতা রয়েছে তেহরানের। মার্কিন সামরিক গোয়েন্দা সংস্থাগুলোর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল (ডব্লিউএসজে)।

প্রতিবেদনে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে জড়িয়েছে ইরান। এ সময় মার্কিন বাহিনী, মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোর অবকাঠামো এবং ওই অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনী। এত হামলা-পাল্টা হামলার পরও দেশটির অস্ত্রভাণ্ডারে বড় ধরনের ঘাটতি তৈরি হয়নি বলে মনে করছেন মার্কিন গোয়েন্দারা।

এক গোয়েন্দা কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, ‘ইরানের হাতে এখনো উল্লেখযোগ্যসংখ্যক ড্রোন ও বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে। এগুলোর মাধ্যমে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে একাধিকবার হামলা চালানোর সক্ষমতা এখনো আছে দেশটির।’

তবে মজুত থাকা ক্ষেপণাস্ত্রের মধ্যে কতগুলো তাৎক্ষণিকভাবে উৎক্ষেপণের জন্য প্রস্তুত এবং কতগুলো সংরক্ষিত অবস্থায় রয়েছে, তা নিশ্চিত হতে পারেননি মার্কিন গোয়েন্দারা। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরান ক্ষেপণাস্ত্র উৎপাদন অব্যাহত রাখলেও যুদ্ধ শুরুর আগের তুলনায় উৎপাদনের গতি কিছুটা কমেছে।

মধ্যপ্রাচ্যবিষয়ক মার্কিন প্রতিরক্ষা উপসহকারী সচিবের সাবেক দায়িত্ব পালনকারী সিমোন লেডিনের মতে, সর্বনিম্ন হিসাব ধরলেও যুদ্ধের নয় মাসে ইরান যত ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, তার অর্ধেকের বেশি ইতিমধ্যে পুনরায় মজুত করতে পেরেছে।

এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা, রাডার ব্যবস্থা এবং আগাম সতর্কীকরণ অবকাঠামোর দুর্বলতা বারবার সামনে এসেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত কয়েক মাস ধরে দাবি করে আসছেন, যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সামরিক হামলায় ইরানের সামরিক সক্ষমতা অনেকটাই ধ্বংস হয়ে গেছে। তবে ইরানের ক্ষেপণাস্ত্রের মজুত নিয়ে মার্কিন গোয়েন্দাদের এই মূল্যায়ন ট্রাম্পের দাবিকে প্রশ্নের মুখে ফেলেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত আগস্ট থেকে ইরানে নিয়মিত সামরিক অভিযান বন্ধ রেখেছে ওয়াশিংটন। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, আপাতত বড় ধরনের সামরিক অভিযানের পরিবর্তে নিষেধাজ্ঞা ও অবরোধের মাধ্যমে তেহরানের ওপর অর্থনৈতিক চাপ বজায় রাখতে চায় যুক্তরাষ্ট্র।

সূত্র: আনাদোলু এজেন্সি

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!