জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ-৩১) থেকে ৪১৫ কোটি টাকার অনুদান পেয়েছে বাংলাদেশ। এ ছাড়া আগামীতে আরও ২০০ কোটি টাকার বেশি অনুদান পাওয়ার আশ্বাস মিলেছে। পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোকে ঋণের পরিবর্তে অনুদান দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের দাবিও আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত দেশগুলোর ঋণের বোঝা না বাড়িয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার সুযোগ তৈরি হবে।
বুধবার (১৮ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় চলমান কপ-৩১ সম্মেলনে বাংলাভিশনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। সাক্ষাৎকারে জলবায়ু অর্থায়ন, উপকূলীয় বেড়িবাঁধ সংস্কার, নদী খনন, পদ্মা ব্যারেজ প্রকল্প এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান নিয়ে কথা বলেন তিনি।
সম্মেলন থেকে অনুদান পাওয়ার বিষয়ে ফরহাদ হোসেন আজাদ বলেন, গতকাল সাইমুম পারভেজ মিট দ্য প্রেসে জানিয়েছেন, বাংলাদেশ ৪১৫ কোটি টাকার অনুদান অনুমোদন পেয়েছে। এ ছাড়া আগামীতে আরও ২০০ কোটি টাকার বেশি অনুদান পাওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর ঋণের পরিবর্তে অনুদান দেওয়ার দাবির গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলো এমনিতেই নানা সংকটের মধ্যে রয়েছে। তাদের নতুন করে ঋণের বোঝা চাপিয়ে দেওয়া উচিত নয়। অনুদান দেওয়া হলে দেশগুলো ঋণমুক্ত থাকার পাশাপাশি কার্বন নিঃসরণ কমানো ও পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করতে পারবে। জলবায়ু পরিবর্তন এবং ক্ষয়ক্ষতি মোকাবিলার বিষয়গুলোও বাংলাদেশ সম্মেলনে জোরালোভাবে তুলে ধরছে।
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) এক প্রতিবেদনে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের প্রায় ৫০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে প্রতিমন্ত্রী উপকূলীয় অবকাঠামো সংস্কারের কথা জানান।
তিনি বলেন, ষাটের দশকে নির্মিত উপকূলীয় পোল্ডার ও বেড়িবাঁধগুলো সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। চট্টগ্রাম ও কক্সবাজারে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় অনেক পোল্ডার ক্ষতিগ্রস্ত হয়েছে। নিজে কক্সবাজার পরিদর্শন করে তিনি এসব ক্ষয়ক্ষতি দেখেছেন। কোথাও বেড়িবাঁধ ভেঙে গেছে, কোথাও পানি নিষ্কাশনের জন্য স্থানীয় বাসিন্দারা বাঁধ কেটে দিয়েছেন। জলবায়ু তহবিল থেকে পাওয়া অর্থ কাজে লাগিয়ে দ্রুত টেকসই অবকাঠামো নির্মাণের মাধ্যমে এসব পোল্ডার পুনর্নির্মাণ করা হচ্ছে।
নদী খনন ও পদ্মা ব্যারেজ প্রকল্পে গুরুত্ব
নদী-খাল খনন এবং নাব্যতা ফিরিয়ে আনার বিষয়ে সরকারের উদ্যোগ তুলে ধরে ফরহাদ হোসেন আজাদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানির নির্দেশনায় নদী ও খাল খননের কাজ চলছে।
তিনি জানান, দীর্ঘ প্রতীক্ষিত পদ্মা ব্যারেজ প্রকল্প ইতিমধ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদন পেয়েছে। আগামী ফেব্রুয়ারির শেষ দিকে অথবা মার্চের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী সরাসরি উপস্থিত থেকে প্রকল্পের কাজ উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।
প্রতিমন্ত্রীর মতে, পদ্মা ব্যারেজ নির্মিত হলে সংশ্লিষ্ট অঞ্চলে লবণাক্ততার সমস্যা কমবে। পাশাপাশি কৃষিকাজ, বৃক্ষরোপণ ও মাছ চাষের সুযোগ বাড়বে। এতে ওই অঞ্চলের মানুষের জীবন-জীবিকায় ইতিবাচক পরিবর্তন আসবে।
নারী ও শিশুদের সুরক্ষায় গুরুত্ব
কপ-৩১ সম্মেলনে নারী ও শিশুদের অধিকার এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে আলোচনার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, জাইমা রহমানও এ সম্মেলনে শিশু, তরুণ ও নারীদের নিয়ে কাজ করছেন। জলবায়ু পরিবর্তন ও নদীভাঙনের কারণে নারী ও শিশুরা যেসব ঝুঁকির মুখে পড়ছেন, তাঁদের সুরক্ষা এবং এ ক্ষেত্রে তাঁদের ভূমিকার বিষয়গুলো আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা হচ্ছে।
তিনি আরও বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের তাৎক্ষণিক সহায়তা নিশ্চিত করা হচ্ছে।
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি
আন্তর্জাতিক পরিসরে বর্তমান সরকারের অবস্থান ও ভাবমূর্তি প্রসঙ্গে ফরহাদ হোসেন আজাদ বলেন, কপ-৩১ সম্মেলনে জাপান, ভারত, ইরান ও পাকিস্তানসহ বিভিন্ন দেশের মন্ত্রী এবং তুরস্কের গভর্নরের সঙ্গে তাঁর ফলপ্রসূ বৈঠক হয়েছে। দীর্ঘদিন পর বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ায় আন্তর্জাতিক মহলে ইতিবাচক সাড়া দেখা যাচ্ছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিত্ব ও সাধারণ জীবনযাপন বিদেশি প্রতিনিধিদের মুগ্ধ করেছে বলেও দাবি করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, অনেকেই তারেক রহমানের মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন। প্রধানমন্ত্রীর এই ইতিবাচক ভাবমূর্তি বিশ্বদরবারে বাংলাদেশের অবস্থান আরও উজ্জ্বল করতে সহায়তা করছে।
জলবায়ু অর্থায়ন, উপকূলীয় অবকাঠামো উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ জলবায়ু সংকট মোকাবিলায় আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!