আন্তর্জাতিক

কপ৩১: ২০৩৫ সালের মধ্যে পুনরুদ্ধার হবে ক্ষতিগ্রস্ত উপকূলের ২০ শতাংশ

আপডেট: নভে ২০, ২০২৬ : ০৫:২৬ এএম ১২ ০
কপ৩১: ২০৩৫ সালের মধ্যে পুনরুদ্ধার হবে ক্ষতিগ্রস্ত উপকূলের ২০ শতাংশ

২০৩৫ সালের মধ্যে বিশ্বের অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকার অন্তত ২০ শতাংশ পুনরুদ্ধারের লক্ষ্য নির্ধারণ করে নতুন আন্তর্জাতিক উদ্যোগ ঘোষণা করা হয়েছে। তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ৩১) থেকে সমুদ্র ও উপকূলীয় পরিবেশ রক্ষায় এ উদ্যোগ নেওয়া হয়।

এতে সমুদ্র সংরক্ষণে অর্থায়ন, পরিবেশবান্ধব বন্দর গড়ে তোলা এবং উপকূলীয় বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) কপ৩১-এর ‘ওশান, সিজ, নেচার অ্যান্ড ল্যান্ড ইউজ’ থিমেটিক ডেতে এ উদ্যোগের বিষয়টি সামনে আসে। সমুদ্র সংরক্ষণকে জাতীয় জলবায়ু পরিকল্পনার সঙ্গে যুক্ত করা এবং উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বাড়ানোও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

নতুন এ উদ্যোগ বাংলাদেশের জন্য সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। বিশেষ করে সুন্দরবনের ম্যানগ্রোভ বন, কক্সবাজার-টেকনাফ উপকূল, ক্ষতিগ্রস্ত সামুদ্রিক বাস্তুতন্ত্র ও উপকূলীয় চরাঞ্চল পুনরুদ্ধারে আন্তর্জাতিক অর্থায়ন এবং প্রযুক্তিগত সহযোগিতা পাওয়ার সুযোগ তৈরি হতে পারে।

উপকূলীয় ভাঙন, লবণাক্ততা ও ঘূর্ণিঝড়ের ঝুঁকি মোকাবিলায় এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এর সুফল পেতে হলে বাংলাদেশের ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকাগুলো সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা, পুনরুদ্ধারের পরিকল্পনা তৈরি এবং আন্তর্জাতিক অর্থায়ন নিশ্চিত করতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এ বিষয়ে হেলভেটাস বাংলাদেশের পানি, খাদ্য ও জলবায়ুবিষয়ক প্রোগ্রাম প্রধান মোহাম্মদ মাহমুদুল হাসান বাংলাভিশনকে বলেন, বাংলাদেশের উপকূলে ষাটের দশকে নির্মিত পোল্ডারগুলোর অনেক জায়গা ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ক্ষতিগ্রস্ত অংশ দিয়ে পানি প্রবেশ করে উপকূলের মানুষকে বিপদে ফেলছে।

তিনি বলেন, নতুন আন্তর্জাতিক উদ্যোগ বাংলাদেশের জন্য একটি সুযোগ। সরকারের উচিত এনজিও, সামাজিক সংগঠন ও স্থানীয় জনগোষ্ঠীকে সঙ্গে নিয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করা এবং সেগুলোকে অগ্রাধিকার অনুযায়ী শ্রেণিবদ্ধ করা। এতে উপকূল পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় উদ্যোগ ও অর্থায়ন নিশ্চিত করা সহজ হবে।

এ বিষয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বাংলাভিশনকে বলেন, কপ৩১-এর বিভিন্ন আয়োজনে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরা হচ্ছে। দেশের অনেক পোল্ডার ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার উপকূলের মানুষের জীবন-নিরাপত্তা নিশ্চিত করা এবং জীবনমান উন্নয়নে কাজ করছে।

তিনি বলেন, পর্যাপ্ত অনুদান ও আন্তর্জাতিক সহযোগিতা পাওয়া গেলে বাংলাদেশের ক্ষতিগ্রস্ত উপকূল পুনরুদ্ধার ও সংরক্ষণ করা সম্ভব হবে।

বিশেষজ্ঞদের মতে, সমুদ্র ও উপকূল রক্ষায় আন্তর্জাতিক পর্যায়ে নতুন লক্ষ্য নির্ধারণ গুরুত্বপূর্ণ হলেও শুধু ঘোষণায় প্রত্যাশিত সুফল আসবে না। এ জন্য দীর্ঘমেয়াদি অর্থায়ন, সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা এবং কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে উপকূলীয় জনগোষ্ঠীকে পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় যুক্ত করাও জরুরি।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!