আন্তর্জাতিক

এক কাপ সমুদ্রের পানিতেই মিলবে সামুদ্রিক জীববৈচিত্র্যের সন্ধান

আপডেট: নভে ২০, ২০২৬ : ০৫:২৯ এএম ১২ ০
এক কাপ সমুদ্রের পানিতেই মিলবে সামুদ্রিক জীববৈচিত্র্যের সন্ধান

সমুদ্রের মাত্র এক লিটার পানির নমুনা বিশ্লেষণ করেই জানা যাবে ওই এলাকায় কোন কোন সামুদ্রিক প্রাণীর বসবাস। মাছ, তিমি, কচ্ছপসহ বিভিন্ন প্রাণীর উপস্থিতি শনাক্ত করতে সেগুলোকে সরাসরি ধরারও প্রয়োজন হবে না। পরিবেশগত ডিএনএ বা ‘ই-ডিএনএ’ (Environmental DNA) প্রযুক্তির মাধ্যমে সামুদ্রিক জীববৈচিত্র্য পর্যবেক্ষণে এমন নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ-৩১) এ প্রযুক্তির ব্যবহার ও সম্ভাবনা তুলে ধরেছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কো। সংস্থাটির ইন্টারগভর্নমেন্টাল ওশানোগ্রাফিক কমিশনের (আইওসি) উদ্যোগে বিশ্বের ২৫টি সামুদ্রিক এলাকায় পরিচালিত হচ্ছে ‘ই-ডিএনএ এক্সপেডিশনস ২০২৬–২০২৮’ কর্মসূচি।

ই-ডিএনএ প্রযুক্তিতে সামুদ্রিক প্রাণীর বর্জ্য, শ্লেষ্মা কিংবা ঝরে পড়া কোষ থেকে পানিতে মিশে থাকা ডিএনএর ক্ষুদ্র উপাদান বিশ্লেষণ করা হয়। এক লিটার সমুদ্রের পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে এসব জিনগত উপাদান পরীক্ষা করলেই ওই এলাকায় কোন কোন প্রজাতির প্রাণীর উপস্থিতি রয়েছে, তা শনাক্ত করা সম্ভব। এ পদ্ধতিতে ক্ষুদ্র অণুজীব থেকে শুরু করে বড় সামুদ্রিক প্রাণীরও অস্তিত্ব খুঁজে পাওয়া যায়।

ইউনেস্কোর তথ্য অনুযায়ী, ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত চলবে এ কর্মসূচি। এ সময় প্রতি তিন মাস অন্তর ২৫টি সামুদ্রিক এলাকা থেকে পানির নমুনা সংগ্রহ করা হবে। নমুনা সংগ্রহ ও গবেষণার কাজে স্থানীয় বিজ্ঞানী, গবেষক, শিক্ষার্থী এবং জনগোষ্ঠীকে যুক্ত করা হচ্ছে। ২০২৮ সালের মধ্যে তিন হাজারের বেশি নমুনা সংগ্রহের পরিকল্পনা রয়েছে।

এর আগে পরীক্ষামূলক পর্যায়ে ১৯টি দেশের ২১টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজভুক্ত সামুদ্রিক এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়। এতে ২৫০ জনের বেশি শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী নমুনা সংগ্রহে অংশ নেন। ওই গবেষণায় ই-ডিএনএ বিশ্লেষণের মাধ্যমে চার হাজারের বেশি প্রজাতি শনাক্ত করা সম্ভব হয়েছিল।

জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের তাপমাত্রা ক্রমাগত বাড়ছে। এর প্রভাবে অনেক সামুদ্রিক প্রাণী তাদের স্বাভাবিক আবাসস্থল ছেড়ে নতুন এলাকায় চলে যাচ্ছে। ফলে কোনো এলাকায় কোন প্রজাতির সংখ্যা কমছে, কোথায় নতুন প্রজাতির আগমন ঘটছে কিংবা কোন সামুদ্রিক অঞ্চল সংরক্ষণ করা প্রয়োজন—এসব তথ্য জানা দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

বিশেষজ্ঞদের মতে, ই-ডিএনএ প্রযুক্তি সামুদ্রিক জীববৈচিত্র্যের পরিবর্তন পর্যবেক্ষণে কার্যকর ভূমিকা রাখতে পারে। বিশেষ করে প্রাণীদের বিরক্ত না করে এবং সরাসরি ধরার ঝুঁকি ছাড়াই তাদের উপস্থিতি শনাক্ত করার সুযোগ তৈরি হওয়ায় সমুদ্র সংরক্ষণ, গবেষণা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রযুক্তিটি নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!