আন্তর্জাতিক

রোহিঙ্গাদের জন্মহার কমানোর উদ্দেশ্যেই বিধিনিষেধ দিয়েছিল মিয়ানমার: আইসিজে

আপডেট: নভে ২০, ২০২৬ : ০৬:০৮ এএম ১২ ০
রোহিঙ্গাদের জন্মহার কমানোর উদ্দেশ্যেই বিধিনিষেধ দিয়েছিল মিয়ানমার: আইসিজে

সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্মহার কমানোর উদ্দেশ্যেই মিয়ানমার সরকার বিয়ে ও সন্তান নেওয়ার ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করেছিল বলে পর্যবেক্ষণ দিয়েছেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার নেদারল্যান্ডসের দ্য হেগে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় পাঠকালে আদালতের প্রেসিডেন্ট বিচারক ইউজি ইওয়াসাওয়া এ পর্যবেক্ষণ দেন।

রায় পাঠের সময় রোহিঙ্গাদের ওপর আরোপিত বিভিন্ন বিধিনিষেধের প্রভাব তুলে ধরেন বিচারক। তিনি বলেন, মিয়ানমার সরকার এমন একটি আঞ্চলিক আদেশ জারি করেছিল, যার আওতায় ‘বাঙালি’ হিসেবে বর্ণিত জনগোষ্ঠীর বিয়ের জন্য বিশেষ অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়। একই সঙ্গে বিবাহিত দম্পতিদের সন্তান নেওয়ার সংখ্যা সর্বোচ্চ দুটিতে সীমাবদ্ধ করা হয়েছিল।

বিচারক ইওয়াসাওয়া বলেন, রোহিঙ্গাদের জন্মহার নিয়ন্ত্রণে এসব নীতি পুরোপুরি সফল না হলেও এ ধরনের পদক্ষেপের মূল উদ্দেশ্য যে ওই জনগোষ্ঠীর জন্মহার কমিয়ে দেওয়া, তা মিয়ানমার নিজেই স্বীকার করেছে।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়, ‘এই পরিস্থিতিতে আদালত নিশ্চিত হয়েছে যে, ওই আদেশটি ছিল রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে পরিচালিত একটি জবরদস্তিমূলক পদক্ষেপ। এই পদক্ষেপের উদ্দেশ্য ছিল অন্ততপক্ষে “নিধন অভিযান” চলাকালে ওই জনগোষ্ঠীর মধ্যে জন্মহার হ্রাস করা।’

বিচারক আরও বলেন, অন্যান্য নিপীড়নমূলক পদক্ষেপের পাশাপাশি এসব নীতি রোহিঙ্গাদের বংশবিস্তার বন্ধ করে দেওয়ার রাষ্ট্রীয় উদ্দেশ্যের নির্দেশক। সামরিক অভিযানের সময় যৌন সহিংসতাকেও হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল বলে আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে।

এ বিষয়ে বিচারক বলেন, ‘রোহিঙ্গা জনগোষ্ঠীর সন্তান জন্মদানের ইচ্ছা ও সক্ষমতাকে শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যেই এই যৌন সহিংসতা চালানো হয়েছিল।’

২০১৭ সালে বাংলাদেশে আশ্রয় নেন ৭ লাখের বেশি রোহিঙ্গা

২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর নৃশংস দমন-পীড়ন ও ‘নিধন অভিযানের’ মুখে প্রাণ বাঁচাতে ৭ লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। আগে থেকে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের নিয়ে বর্তমানে কক্সবাজার ও ভাসানচরে ১২ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী বসবাস করছেন।

মিয়ানমারের এই সহিংসতাকে গণহত্যা হিসেবে অভিহিত করে ২০১৯ সালের নভেম্বরে দেশটির বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। ১৯৪৮ সালের আন্তর্জাতিক গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে মামলাটি করা হয়।

২০২০ সালের জানুয়ারিতে এক অন্তর্বর্তীকালীন আদেশে রোহিঙ্গাদের সুরক্ষায় মিয়ানমারকে জরুরি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন আইসিজে। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও শুনানি শেষে ১৫ বিচারপতির এই আদালত বৃহস্পতিবার মামলাটির রায় ঘোষণা করেন।

সূত্র: এএফপি ও বিবিসি

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!