ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় সেনাবাহিনীর ডিরেক্টর জেনারেল অব মিলিটারি ইন্টেলিজেন্স (ডিজিএমআই) লেফটেন্যান্ট জেনারেল যশপাল সিং আহলাওয়াত।
নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক এবং ভারতে নিযুক্ত বিভিন্ন দেশের প্রতিরক্ষা উপদেষ্টা ও অ্যাটাশেরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ও ভারতের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবদান ও দিবসটির তাৎপর্য তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত প্রতিরক্ষা উপদেষ্টা উইং কমান্ডার মুহাম্মদ নাজমুল হক। তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধকালীন বীর সেনানীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার অগ্রগতি এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবদান তুলে ধরেন।
ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান তাঁর বক্তব্যে মুক্তিযুদ্ধের শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সততা, সাহসিকতা ও অঙ্গীকারের গৌরবোজ্জ্বল ঐতিহ্যের কথা তুলে ধরেন।
এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে সশস্ত্র বাহিনীর প্রাতিষ্ঠানিক ভিত্তি সুদৃঢ় করা ও শৃঙ্খলা প্রতিষ্ঠার উদ্যোগ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে বাহিনীর আধুনিকায়নের বিষয়টি স্মরণ করেন।
প্রীতি রহমান বলেন, ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আলোকে সশস্ত্র বাহিনীর ঐতিহ্য সমুন্নত রাখার পাশাপাশি ভবিষ্যতের প্রযুক্তিগত ও কৌশলগত চ্যালেঞ্জ মোকাবিলায় বাহিনীকে প্রস্তুত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের অঙ্গীকার রয়েছে।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারতীয় জনগণ ও সামরিক সদস্যদের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। বাংলাদেশ ও ভারতের সম্পর্ককে গভীর ও বহুমাত্রিক উল্লেখ করে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং দক্ষিণ এশিয়ায় শান্তি ও সমৃদ্ধির অভিন্ন আকাঙ্ক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে বন্ধু ও অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
প্রধান অতিথি লেফটেন্যান্ট জেনারেল যশপাল সিং আহলাওয়াত বাংলাদেশ ও ভারতের সশস্ত্র বাহিনীর মধ্যে দীর্ঘদিনের সুদৃঢ় সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি বলেন, দুই দেশের এ সম্পর্ক পারস্পরিক আস্থা, উপলব্ধি ও শ্রদ্ধাবোধের ভিত্তিতে গড়ে উঠেছে। ভবিষ্যতে প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
বাংলাদেশ ও ভারতকে ঐতিহাসিক, সামাজিক ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ স্বাভাবিক অংশীদার হিসেবে অভিহিত করেন তিনি।
কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষ হয়। পরে আমন্ত্রিত অতিথিদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!