জাতীয় সংসদ

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ এমপির গেজেট প্রকাশ

আপডেট: মে ০১, ২০২৬ : ০৫:৫৬ এএম ১০০ ০
সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ এমপির গেজেট প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন সংসদ সদস্যের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি সচিবালয় থেকে এ গেজেট প্রকাশ করা হয়।

নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব (রুটিন দায়িত্ব) কে. এম. আলী নেওয়াজ স্বাক্ষরিত গেজেটে বলা হয়েছে, রাজনৈতিক দল ও জোটগুলোর অনুকূলে বণ্টন করা আসনের ভিত্তিতে এসব সদস্য নির্বাচিত হয়েছেন। গেজেট অনুযায়ী, ক্ষমতাসীন বিএনপি ও তাদের জোট থেকে ৩৬ জন নারী সদস্য নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের জোট থেকে নির্বাচিত হয়েছেন ১২ জন। আর স্বতন্ত্র সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত জোট থেকে নির্বাচিত হয়েছেন একজন।

বিএনপি জোট থেকে নির্বাচিতদের মধ্যে রয়েছেন সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নিপুন রায় চৌধুরী, নিলোফার চৌধুরী মনি, সুলতানা আহমেদ, মাধবী মারমাসহ আরও অনেকে।

জামায়াত জোট থেকে নির্বাচিতদের মধ্যে রয়েছেন নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, মাহফুজা হান্নান, রোকেয়া বেগম, তাসমিয়া প্রধান ও মাহবুবা হাকিম।

এ ছাড়া স্বতন্ত্র জোট থেকে সুলতানা জেসমিন নির্বাচিত হয়েছেন। এর আগে বুধবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে কোনো প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করায় এবং শূন্য পদের বিপরীতে সমানসংখ্যক প্রার্থী থাকায় রিটার্নিং কর্মকর্তা তাঁদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।

তবে সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে একটি আসনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সরকারি চাকরি ছাড়ার পর তিন বছর পূর্ণ না হওয়ায় জামায়াত জোটের প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন। পরে আদালতের নির্দেশে একই জোটের আরেক প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণ করে তা যাচাই-বাছাইয়ের উদ্যোগ নেওয়া হয়।

ইসি জানিয়েছে, বিষয়টির আইনগত প্রক্রিয়া শেষ হওয়ার পর বাকি আসনটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!