জাতীয় সংসদ

সংরক্ষিত নারী আসনের ৪৯ সদস্যের শপথ, পূর্ণাঙ্গ হলো ত্রয়োদশ সংসদ

আপডেট: মে ০৪, ২০২৬ : ০৫:৪৬ এএম ১৭
সংরক্ষিত নারী আসনের ৪৯ সদস্যের শপথ, পূর্ণাঙ্গ হলো ত্রয়োদশ সংসদ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত ৪৯ সংসদ সদস্য শপথ নিয়েছেন। তাঁদের শপথ গ্রহণের মধ্য দিয়ে পূর্ণাঙ্গ রূপ পেল ত্রয়োদশ জাতীয় সংসদ।

রোববার রাত ৯টার দিকে জাতীয় সংসদ ভবনের পূর্ব ব্লকের লেভেল-১–এ অবস্থিত শপথ কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নবনির্বাচিত নারী সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান।

সংসদ সচিবালয় জানায়, শপথ অনুষ্ঠানে সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এর আগে গত ৩০ এপ্রিল নির্বাচন কমিশন সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জনের গেজেট প্রকাশ করে।

রিটার্নিং কর্মকর্তার তথ্য অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের জন্য মোট ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম নির্ধারিত সময়ের ১৯ মিনিট পরে মনোনয়নপত্র জমা দেওয়ায় তাঁর মনোনয়ন গ্রহণ করা হয়নি।

বৈধ প্রার্থীদের মধ্যে বিএনপি জোটের ৩৬ জন, জামায়াত জোটের ১২ জন এবং স্বতন্ত্র জোটের একজন প্রার্থী ছিলেন। তাঁদের সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়।

বিএনপি জোট থেকে নির্বাচিত ৩৬ নারী সদস্যের মধ্যে রয়েছেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নিপুণ রায় চৌধুরী ও সেলিনা সুলতানাসহ আরও অনেকে।

জামায়াত জোট থেকে নির্বাচিত ১২ সদস্যের মধ্যে রয়েছেন নুরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার মুন্নী, নাজমুন নাহার নীলু ও মাহফুজা হান্নান। এ ছাড়া স্বতন্ত্র জোট থেকে সুলতানা জেসমিন সংরক্ষিত নারী আসনের সদস্য নির্বাচিত হয়েছেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!