জাতীয় সংসদ

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার অঙ্গীকারবদ্ধ: বাণিজ্যমন্ত্রী

আপডেট: নভে ১৬, ২০২৬ : ০৫:৪৬ এএম ৭ ০
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার অঙ্গীকারবদ্ধ: বাণিজ্যমন্ত্রী

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, দারিদ্র্য হ্রাস, সামাজিক সুরক্ষা জোরদার এবং বাজার ব্যবস্থাপনাকে সিন্ডিকেটমুক্ত করে জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করা এবং চাল, ডাল, ভোজ্যতেল ও পেঁয়াজসহ অত্যাবশ্যকীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

১৫ নভেম্বর জাতীয় সংসদে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর এক তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী জানান, বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং জেলা পর্যায়ের বিশেষ টাস্কফোর্স নিয়মিত বাজার তদারকি ও অভিযান পরিচালনা করছে। অতিরিক্ত দাম আদায়, অবৈধ মজুতদারি এবং কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে সারা দেশে অতিরিক্ত মূল্য আদায়, মজুতদারি ও প্রতারণার বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। ঢাকার পাইকারি ও খুচরা বাজারে অধিদপ্তরের পক্ষ থেকে প্রতিদিন চারটি এবং বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুটি অভিযান পরিচালনা করা হচ্ছে।

মন্ত্রী জানান, গত ১৭ ফেব্রুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত মোট ১০ হাজার ১৪৪টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ১৬ হাজার ৫২৯টি প্রতিষ্ঠানকে ১৫ কোটি ১২ লাখ ৪৫ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে এবং তা আদায় করা হয়েছে।

নিম্ন আয়ের মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে ভর্তুকিমূল্যে চাল, সয়াবিন তেল, চিনি ও মসুর ডাল বিক্রি করা হচ্ছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। তাঁর মতে, এ উদ্যোগ বাজারমূল্য স্থিতিশীল রাখতে সহায়ক ভূমিকা রাখছে।

তিনি আরও বলেন, কৃষি উৎপাদননির্ভর পণ্যের উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। পাশাপাশি আমদানিনির্ভর পণ্যের আমদানি স্বাভাবিক রাখা এবং আমদানিকারকদের প্রয়োজনীয় নীতিসহায়তা দেওয়া হচ্ছে।

বাজারে প্রতিযোগিতাবিরোধী কার্যক্রম প্রতিরোধে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন প্রতিযোগিতা আইন, ২০১২-এর আওতায় নিয়মিত বাজার পর্যবেক্ষণ, অনুসন্ধান ও তদন্ত করছে বলে জানান খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, ব্যবসায়ীদের পারস্পরিক যোগসাজশ, সরবরাহ সীমিত করা এবং বাজার সিন্ডিকেট প্রতিরোধে কমিশন প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিচ্ছে।

বাণিজ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, এ পর্যন্ত চালের বাজারে ২১টি, ভোজ্যতেলে ১০টি, ডিমে ১৮টি, ব্রয়লার মুরগিতে ছয়টি, আটা-ময়দায় আটটি, আলুতে তিনটি এবং পেঁয়াজের বাজারে একটি মামলাসহ মোট ৬৭টি মামলা হয়েছে।

এসব মামলার মধ্যে চালের বাজারে একটি, ভোজ্যতেলে দুটি, ডিমের বাজারে তিনটি এবং ব্রয়লার মুরগির ক্ষেত্রে দুটি মামলায় আর্থিক জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে আটটি মামলায় জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!