ভালোবাসার সম্পর্কে আমরা সাধারণত কী বলা উচিত, তা নিয়েই বেশি ভাবি। কিন্তু কী বলা উচিত নয়—সেটাও সমান গুরুত্বপূর্ণ। কারণ, একটি অসতর্ক বাক্যও সম্পর্কের ভেতরের সূক্ষ্ম ভারসাম্য নষ্ট করে দিতে পারে। বিশেষ করে দাম্পত্য বা ঘনিষ্ঠ সম্পর্কে কিছু কথা আছে, যা বলা হলে তা দীর্ঘমেয়াদে গভীর প্রভাব ফেলতে পারে।
সম্পর্ক টিকিয়ে রাখতে এমন চারটি বিষয় এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা—
‘তোমাকে বিয়ে করে ভুল করেছি’—এ ধরনের কথা নয়
ঝগড়ার মুহূর্তে অনেকেই আবেগের বশে কঠিন কথা বলে ফেলেন। কিন্তু জীবনসঙ্গীকে বিয়ে করাটা ভুল ছিল—এমন মন্তব্য সম্পর্কের ওপর মারাত্মক আঘাত হানে। এই একটি বাক্যই সঙ্গীর মনে স্থায়ী ক্ষত তৈরি করতে পারে। পরে ক্ষমা চাইলেও সেই আঘাত পুরোপুরি মুছে যায় না।
আর্থিক বিষয় নিয়ে খোঁচা দেবেন না
টাকা-পয়সা নিয়ে বিদ্রূপ বা খোঁচা দেওয়া অত্যন্ত সংবেদনশীল বিষয়। কারো আর্থিক পটভূমি বা সামর্থ্যকে ছোট করে দেখানো তার আত্মসম্মানে আঘাত করে। ঝগড়ার সময় এই বিষয়টি তুলে আনা সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে।
পরিবার বা বন্ধুদের টেনে আনবেন না
জীবনসঙ্গীর পরিবার বা বন্ধুদের নিয়ে নেতিবাচক মন্তব্য করা সম্পর্কের টানাপোড়েন বাড়ায়। ব্যক্তিগত কোনো বিরোধ থাকলেও তা আলোচনায় টেনে আনা উচিত নয়। কারণ, প্রিয়জনদের বিষয়ে আঘাতমূলক মন্তব্য সহজে গ্রহণ করা যায় না।
দুর্বলতা নিয়ে উপহাস নয়
প্রত্যেক মানুষেরই কিছু না কিছু দুর্বলতা থাকে। সঙ্গীর সেই নিরাপত্তাহীনতা বা দুর্বল জায়গা নিয়ে ঠাট্টা করা তার আত্মবিশ্বাস ভেঙে দিতে পারে। এমনকি তা সম্পর্কের ভেতরে দূরত্ব তৈরি করে।
বিশেষজ্ঞদের মতে, ভালোবাসা শুধু সুখের মুহূর্ত ভাগাভাগি করা নয়, বরং কঠিন সময়েও একে অপরকে সম্মান ও নিরাপত্তা দেওয়া। তাই সম্পর্কের সুস্থতা বজায় রাখতে কথাবার্তায় সচেতন থাকা জরুরি।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!