তীব্র গরমে শরীর ঠান্ডা রাখা ও সুস্থ থাকা অনেক সময় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। বিশেষজ্ঞদের মতে, সঠিক জীবনযাপন ও খাদ্যাভ্যাস গরমে শরীরকে স্বস্তি দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্যাফেইন সীমিত করা, পর্যাপ্ত পানি পান, ঠান্ডা পরিবেশে থাকা ও প্রয়োজনীয় সতর্কতা নেওয়ার পাশাপাশি কিছু নির্দিষ্ট খাবার শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখতে সহায়তা করে।
নিচে এমনই ৬টি খাবার তুলে ধরা হলো, যা গরমের দিনে শরীরকে সতেজ ও স্বস্তিদায়ক রাখতে সাহায্য করতে পারে—
১. তরমুজ
পানিতে ভরপুর ও কম ক্যালোরিযুক্ত তরমুজ গরমে শরীরের পানিশূন্যতা দূর করতে সাহায্য করে। এতে ভিটামিন সি, পটাশিয়াম ও ম্যাগনেসিয়ামের পাশাপাশি বি ভিটামিনও থাকে, যা শরীরের শক্তি উৎপাদনে সহায়ক। গরমে ক্লান্তি কমাতে তরমুজ কার্যকর একটি ফল।
২. শসা
শসায় উচ্চমাত্রার পানি ও আঁশ থাকে, যা শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। এতে ভিটামিন সি, ভিটামিন কে ও ভিটামিন বি৬ রয়েছে, যা শরীরের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সহায়ক।
৩. লাল পেঁয়াজ
সালাদে লাল পেঁয়াজ যোগ করলে তা শুধু স্বাদই বাড়ায় না, বরং এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও কোয়ারসেটিন শরীরকে বিভিন্ন ক্ষতি থেকে সুরক্ষিত রাখতে সাহায্য করে বলে ধারণা করা হয়। গরমে এটি শরীরের জন্য উপকারী একটি উপাদান।
৪. ডাবের পানি
গরমে ডাবের পানি একটি জনপ্রিয় ও কার্যকর প্রাকৃতিক পানীয়। এতে থাকা পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ও সোডিয়াম শরীরের ইলেকট্রোলাইট ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, যা শরীরকে দ্রুত সতেজ করে।
৫. সাইট্রাস ফল
কমলা, লেবু ও জাম্বুরার মতো সাইট্রাস ফলে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার। এগুলো শরীরের হজম প্রক্রিয়াকে সহজ করে এবং অতিরিক্ত গরম অনুভূতি কমাতে সহায়তা করে।
৬. পুদিনা
পুদিনায় থাকা মেন্থল শরীরে শীতল অনুভূতি তৈরি করে। ঠান্ডা পানিতে পুদিনা পাতা ভিজিয়ে বা সালাদে ব্যবহার করলে গরমে স্বস্তি পাওয়া যায়।
বিশেষজ্ঞরা বলছেন, গরমে সঠিক খাবার নির্বাচন করলে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা সহজ হয় এবং ক্লান্তি কমে আসে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!