সার্বিক সুস্থতার জন্য অন্ত্রের স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিশেষজ্ঞরা। শুধু হজম নয়, শরীরের শক্তি, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং মানসিক স্বাস্থ্যের সঙ্গেও অন্ত্রের সরাসরি সম্পর্ক রয়েছে। অন্ত্র সুস্থ থাকলে শরীরের বিভিন্ন কার্যক্রম স্বাভাবিকভাবে চলতে থাকে।
অন্যদিকে অন্ত্রের ভারসাম্য নষ্ট হলে দেখা দিতে পারে হজমের সমস্যা, ক্লান্তি এবং নানা ধরনের শারীরিক অস্বস্তি। তবে শরীর নিজেই কিছু লক্ষণের মাধ্যমে জানিয়ে দেয় অন্ত্র কতটা সুস্থ অবস্থায় রয়েছে। নিচে এমন পাঁচটি গুরুত্বপূর্ণ লক্ষণ তুলে ধরা হলো—
১. পেট ফাঁপা কমে যাওয়া
সুস্থ অন্ত্রের অন্যতম লক্ষণ হলো পেট ফাঁপা বা গ্যাসজনিত অস্বস্তি কমে যাওয়া। অন্ত্রের ব্যাকটেরিয়ার ভারসাম্য ঠিক থাকলে হজম প্রক্রিয়া স্বাভাবিক থাকে এবং খাবারের পর অস্বস্তি কম অনুভূত হয়।
২. শক্তি বৃদ্ধি পাওয়া
বিশেষজ্ঞদের মতে, অন্ত্রের স্বাস্থ্য সরাসরি শক্তির মাত্রার সঙ্গে সম্পর্কিত। অন্ত্র ভালো থাকলে শরীর ভিটামিন বি ও আয়রনের মতো পুষ্টি উপাদান ভালোভাবে শোষণ করতে পারে, ফলে স্বাভাবিকভাবেই শক্তি বাড়ে এবং ক্লান্তি কমে।
৩. নিয়মিত মলত্যাগ
নিয়মিত ও স্বাভাবিক মলত্যাগ সুস্থ অন্ত্রের একটি গুরুত্বপূর্ণ নির্দেশক। হজম প্রক্রিয়া ঠিক থাকলে কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়ার মতো সমস্যা কমে আসে।
৪. খাদ্য সংবেদনশীলতা কমে যাওয়া
অন্ত্র সুস্থ হলে অনেক সময় আগে যেসব খাবারে সমস্যা হতো, সেগুলো গ্রহণেও আর তেমন অস্বস্তি হয় না। এতে বোঝা যায় অন্ত্রের প্রতিরোধ ব্যবস্থা উন্নত হয়েছে।
৫. ত্বক পরিষ্কার ও উজ্জ্বল হওয়া
অন্ত্রের স্বাস্থ্য ভালো হলে শরীরে প্রদাহ কমে আসে, যার প্রভাব পড়ে ত্বকের ওপরও। ফলে ব্রণ ও লালচে ভাব কমে গিয়ে ত্বক হয়ে ওঠে আরও পরিষ্কার ও উজ্জ্বল।
বিশেষজ্ঞদের মতে, এই লক্ষণগুলো একসঙ্গে দেখা গেলে বোঝা যায় অন্ত্র ধীরে ধীরে সুস্থ অবস্থায় ফিরছে। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, পর্যাপ্ত পানি পান এবং জীবনযাত্রার শৃঙ্খলা অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!