বিয়েতে ভালোবাসাকে একমাত্র ভিত্তি হিসেবে দেখার প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করেছেন যুক্তরাষ্ট্রের বিবাহবিচ্ছেদ আইনজীবী লেনা নগুয়েন। তার মতে, বিয়ে শুধু আবেগের সম্পর্ক নয়—এটি একটি আর্থিক ও সামাজিক চুক্তিও।
টেক্সাস, ক্যালিফোর্নিয়া ও নিউইয়র্কে আইন অনুশীলনের লাইসেন্সপ্রাপ্ত এই আইনজীবী সম্প্রতি একটি ইনস্টাগ্রাম ভিডিওতে বলেন, “আপনাকে টাকার জন্য বিয়ে করতে হবে, ভালোবাসার জন্য নয়।” তার এই মন্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
লেনা নগুয়েন বলেন, দীর্ঘদিন ধরে আদালতে বিবাহবিচ্ছেদ সংক্রান্ত মামলা পরিচালনার অভিজ্ঞতা থেকে তিনি দেখেছেন—আর্থিক অস্থিতিশীলতা অনেক ক্ষেত্রে সম্পর্ক ভাঙনের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। তার ভাষায়, “বিয়ে যতটা না আবেগের বিষয়, তার চেয়ে বেশি একটি আর্থিক ব্যবস্থা।”
তিনি আরও বলেন, বাস্তব জীবনে আর্থিক নিরাপত্তা উপেক্ষা করলে দাম্পত্য জীবনে জটিলতা তৈরি হতে পারে। বিশেষ করে সন্তান লালন-পালনের ক্ষেত্রে অর্থনৈতিক সক্ষমতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে তিনি মনে করেন।
এই আইনজীবীর মতে, শিশুরা পরিবারের আর্থিক অবস্থার সঙ্গে তাদের সুযোগ-সুবিধার পার্থক্য সহজেই অনুধাবন করতে পারে। শিক্ষা, ভ্রমণ কিংবা অন্যান্য সুযোগের ক্ষেত্রে অর্থনৈতিক সক্ষমতা বড় ভূমিকা রাখে।
তবে তিনি স্পষ্ট করে বলেন, তার বক্তব্যের উদ্দেশ্য শুধুই টাকার জন্য বিয়ে করা নয়, বরং জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে আর্থিক সামঞ্জস্যকেও গুরুত্ব দেওয়া উচিত।
লেনা নগুয়েন বলেন, “ভালোবাসা গুরুত্বপূর্ণ, তবে আর্থিক স্থিতিশীলতা ছাড়া দীর্ঘমেয়াদি পারিবারিক পরিকল্পনা বাস্তবসম্মত নয়।”
তার এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কেউ একে বাস্তববাদী দৃষ্টিভঙ্গি বলছেন, আবার কেউ বলছেন এটি সম্পর্কের আবেগকে অবমূল্যায়ন করে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!