লাইফস্টাইল

খালি পেটে দুধ পান করা কি ভালো? জেনে নিন উপকারিতা ও সতর্কতার বিষয়

আপডেট: জুন ৩০, ২০২৬ : ০৬:৪৩ এএম
খালি পেটে দুধ পান করা কি ভালো? জেনে নিন উপকারিতা ও সতর্কতার বিষয়

অনেকের দিন শুরু হয় এক গ্লাস দুধ দিয়ে। দুধকে পুষ্টিকর খাবার হিসেবে বিবেচনা করা হলেও খালি পেটে এটি পান করা সবার জন্য সমানভাবে উপকারী নাও হতে পারে। বয়স, শারীরিক অবস্থা এবং হজমক্ষমতার ওপর নির্ভর করে এর প্রভাব ভিন্ন হতে পারে।

দুধে রয়েছে প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন ডি-সহ নানা প্রয়োজনীয় পুষ্টি উপাদান। এসব উপাদান হাড়, দাঁত ও পেশির সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষজ্ঞদের মতে, ১৯ থেকে ৫০ বছর বয়সীদের প্রতিদিন প্রায় ১ হাজার মিলিগ্রাম ক্যালসিয়াম প্রয়োজন। ৫১ বছরের বেশি বয়সী নারী এবং ৭১ বছরের বেশি বয়সী পুরুষের ক্ষেত্রে এই চাহিদা বেড়ে ১ হাজার ২০০ মিলিগ্রাম হয়।

কী উপকার হতে পারে?

শক্তি ও পুষ্টির জোগান:
সকালে এক গ্লাস দুধ শরীরকে দ্রুত শক্তি জোগাতে পারে। এতে থাকা প্রোটিন শরীরের টিস্যু গঠন ও মেরামতে সাহায্য করে। ক্যালসিয়াম ও ভিটামিন ডি হাড় ও দাঁতের সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শরীরের পানির ঘাটতি পূরণে সহায়ক:
দুধের প্রায় ৯০ শতাংশই পানি। তাই সারারাত ঘুমের পর শরীরের পানিশূন্যতা কিছুটা কাটিয়ে উঠতে এটি সহায়ক হতে পারে। পর্যাপ্ত পানি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ, বিপাকক্রিয়া ও স্বাভাবিক কর্মক্ষমতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ।

হজমে সহায়তা করতে পারে:
কিছু মানুষের ক্ষেত্রে দুধ পাকস্থলীতে আরামদায়ক অনুভূতি তৈরি করে এবং হজমে সহায়তা করতে পারে। তবে এটি সবার ক্ষেত্রে একইভাবে কাজ করে না।

যাদের সতর্ক থাকা উচিত

ল্যাকটোজ অসহিষ্ণুতা থাকলে:
যাঁদের শরীরে ল্যাকটোজ ভাঙার জন্য প্রয়োজনীয় ল্যাকটেজ এনজাইমের ঘাটতি রয়েছে, তাঁদের খালি পেটে দুধ পান করলে গ্যাস, পেট ফাঁপা, ডায়রিয়া বা অস্বস্তি হতে পারে।

রক্তে শর্করা নিয়ন্ত্রণে সমস্যা থাকলে:
দুধে প্রাকৃতিকভাবে ল্যাকটোজ থাকে, যা রক্তে শর্করার মাত্রা বাড়াতে পারে। ডায়াবেটিস বা ইনসুলিন-সংবেদনশীল ব্যক্তিদের এ বিষয়ে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী দুধ পান করা উচিত।

অতিরিক্ত দুধ পান করলে:
অতিরিক্ত ক্যালসিয়াম গ্রহণ কিছু ক্ষেত্রে আয়রন ও জিঙ্কের মতো গুরুত্বপূর্ণ খনিজের শোষণে বাধা সৃষ্টি করতে পারে। তাই দুধ পুষ্টিকর হলেও পরিমিত পরিমাণে গ্রহণ করাই ভালো।

সবার জন্য একই খাদ্যাভ্যাস উপযোগী নয়। খালি পেটে দুধ পান করার পর যদি অস্বস্তি, পেটের সমস্যা বা অন্য কোনো উপসর্গ দেখা দেয়, তাহলে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নেওয়া উচিত।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!