ময়মনসিংহ

দুর্গাপূজা উৎসবমুখর করতে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবে বিএনপি: প্রিন্স

আপডেট: অক্টো ১১, ২০২৬ : ০৫:৪৯ এএম ১০ ০
দুর্গাপূজা উৎসবমুখর করতে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবে বিএনপি: প্রিন্স

আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেছেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এই নীতিতে বিশ্বাসী বিএনপি।

গতকাল শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের একটি মিলনায়তনে উপজেলা ও পৌর পূজা উদ্‌যাপন কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে আলোচনা হয়।

এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি কিংবা ধর্মনিরপেক্ষতার নামে ধর্মহীনতায় বিশ্বাস করে না। দলটি ধর্মীয় মূল্যবোধ, ধর্ম পালনের স্বাধীনতা এবং সব ধর্মের মানুষের সমান অধিকার ও মর্যাদায় বিশ্বাসী।

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকতে হবে। কোনো ধরনের উসকানি, গুজব বা বিশৃঙ্খলার আশঙ্কা দেখা দিলে তাৎক্ষণিকভাবে পুলিশ, স্থানীয় প্রশাসন, বিএনপি ও পূজা উদ্‌যাপন কমিটিকে জানাতে হবে।

পূজা নির্বিঘ্নে উদ্‌যাপনে পূজা উদ্‌যাপন কমিটি, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাজনৈতিক নেতাকর্মীদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। নিরাপত্তা পরিকল্পনা, টহল, জরুরি চিকিৎসা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থার বিষয়ে আগেই সমন্বয় সভা করে দায়িত্ব নির্ধারণের ওপরও গুরুত্ব দেন বিএনপির এই নেতা।

গুজবে কান না দেওয়া, উসকানিমূলক বক্তব্য পরিহার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাইহীন তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে প্রিন্স বলেন, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে দুর্গাপূজা উদ্‌যাপনে সবাইকে সহযোগিতা করতে হবে।

মতবিনিময় সভায় হিন্দু সম্প্রদায়ের নেতারা দুর্গাপূজা উদ্‌যাপনে সরকারের প্রস্তুতি, উদ্যোগ ও সহযোগিতার জন্য বিএনপি সরকারকে ধন্যবাদ জানান। প্রতিটি পূজামণ্ডপে চালের বরাদ্দ ১০০ কেজি বাড়িয়ে ৬০০ কেজি এবং আর্থিক সহায়তা এক কোটি টাকা থেকে বাড়িয়ে পাঁচ কোটি টাকা করায় তাঁরা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন বিএনপি নেতা উত্তম কুমার বাবুল। এতে আরও বক্তব্য দেন পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, উপজেলা বিএনপির সদস্যসচিব আবু হাসনাত বদরুল কবীর, হালুয়াঘাট উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি দেবল সরকার, সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র সরকার এবং পৌর কমিটির আহ্বায়ক অধ্যাপক সুশান্ত ঘোষ প্রমুখ।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!