জাতীয়

পাটের উৎপাদন বাড়াতে বহুমাত্রিক পরিকল্পনা: পাটমন্ত্রী

আপডেট: এপ্রি ২৭, ২০২৬ : ০৫:২৭ এএম
পাটের উৎপাদন বাড়াতে বহুমাত্রিক পরিকল্পনা: পাটমন্ত্রী

দেশে পাটের উৎপাদন বৃদ্ধি এবং কৃষক পর্যায়ে ন্যায্যমূল্য নিশ্চিত করতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি সমন্বিত পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর বলেছেন, নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির আলোকে এ বহুমাত্রিক পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।

রোববার জাতীয় সংসদে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান।
পাটমন্ত্রী বলেন, পরিকল্পনার আওতায় উচ্চ ফলনশীল ও উন্নত মানসম্পন্ন পাট এবং পাটবীজের উৎপাদন ও সরবরাহ বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি আধুনিক চাষাবাদ প্রযুক্তির সম্প্রসারণ এবং কৃষকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা হবে। তিনি জানান, ‘উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং বিতরণ’ শীর্ষক একটি সম্ভাব্যতা যাচাই প্রকল্প ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। এই সমীক্ষা শেষ হলে চলতি বছরের নভেম্বর থেকে মূল প্রকল্পের কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
প্রস্তাবিত প্রকল্পের মাধ্যমে উন্নত প্রযুক্তির ব্যবহার, মানসম্মত বীজের প্রাপ্যতা নিশ্চিত করা, উৎপাদন ব্যয় কমানো এবং পাটের গুণগত মান উন্নয়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এতে উৎপাদনশীলতা বাড়ার পাশাপাশি কৃষকের আয় বৃদ্ধি ও বাজারমূল্য স্থিতিশীল থাকবে বলে মনে করছে সরকার।
মন্ত্রী আরও বলেন, বর্তমানে পাট অধিদপ্তরের অধীনে ‘উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ’ প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে, যা আগামী জুনে শেষ হওয়ার কথা। এই প্রকল্পের অভিজ্ঞতার ভিত্তিতে ভবিষ্যতে আরও যুগোপযোগী ও কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
সরকারের ধারাবাহিক এসব পদক্ষেপের মাধ্যমে পাটখাতকে টেকসই, প্রতিযোগিতামূলক ও রপ্তানিমুখী খাতে রূপান্তরের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানান পাটমন্ত্রী।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!