জাতীয়

ত্রয়োদশ সংসদ নির্বাচন গণতন্ত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে: স্পিকার

আপডেট: এপ্রি ২৭, ২০২৬ : ০৫:৪০ এএম
ত্রয়োদশ সংসদ নির্বাচন গণতন্ত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। তিনি আশা প্রকাশ করেন, এই সংসদ জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে কার্যকর ভূমিকা রাখবে।

রোববার স্পিকারের কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রধান নির্বাচন পর্যবেক্ষক ইভার্স আইজাবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রে নারীর অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ প্রসঙ্গে তিনি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা তুলে ধরে বলেন, সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং নীতি-নির্ধারণে নারী নেতৃত্বের একটি অনন্য উদাহরণ তিনি রেখে গেছেন।
তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে সব দল একসঙ্গে কাজ করার সংস্কৃতি রয়েছে, যা সংসদীয় গণতন্ত্রের একটি ইতিবাচক দিক।
সাক্ষাৎকালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর ইউরোপীয় দেশগুলোর সঙ্গে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা অব্যাহত রাখা, মুক্ত বাণিজ্য চুক্তি এবং সংসদে নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা হয়।
স্পিকার ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন এবং প্রতিনিধিদল বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতসহ প্রতিনিধিদলের সদস্য এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!