ভারতের আদানি বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত প্রায় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশের জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। সোমবার সন্ধ্যা থেকে এ বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) জানায়, আদানি পাওয়ার প্ল্যান্টের দ্বিতীয় ইউনিটটি সোমবার সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে জাতীয় গ্রিডের সঙ্গে সিঙ্ক্রোনাইজেশন সম্পন্ন করে। বর্তমানে ইউনিটটি প্রায় পূর্ণ সক্ষমতায় উৎপাদন করে গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করছে।
বিপিডিবির চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম বলেন, “এই ইউনিট থেকে ধীরে ধীরে আরও বিদ্যুৎ পাওয়া যাবে। এতে দেশের সার্বিক বিদ্যুৎ উৎপাদন বাড়বে এবং লোডশেডিং কমাতে সহায়ক হবে।”
সংস্থাটির কর্মকর্তারা জানান, শিগগিরই আরও কয়েকটি উৎস থেকে বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে এসএস পাওয়ার এবং রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড ও চীনের নরিনকোর যৌথ উদ্যোগ আরএনপিএল (RNPL) থেকে অতিরিক্ত ৬০০ মেগাওয়াট করে বিদ্যুৎ পাওয়ার আশা করা হচ্ছে।
বিপিডিবির তথ্য অনুযায়ী, গত ২৫ এপ্রিল সন্ধ্যায় দেশের সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা ছিল ১৬ হাজার ৯০০ মেগাওয়াট। ওই সময়ে আদানি প্ল্যান্টের বিদ্যুৎ ছাড়া উৎপাদন ছিল ১৪ হাজার ৭১২ মেগাওয়াট, যা চাহিদার তুলনায় উল্লেখযোগ্য ঘাটতির ইঙ্গিত দেয়।
সংশ্লিষ্টরা বলছেন, নতুন এই বিদ্যুৎ সংযোজন গ্রীষ্ম মৌসুমে বাড়তি চাহিদা মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা স্বস্তিদায়ক করতে পারে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!